Logo

আন্তর্জাতিক    >>   উত্তরবঙ্গের মঙ্গাপ্রবণ অঞ্চল ও সিলেটের বন্যাকবলিত কৃষকদের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানালেন - এম এ আলীম সরকার

উত্তরবঙ্গের মঙ্গাপ্রবণ অঞ্চল ও সিলেটের বন্যাকবলিত কৃষকদের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানালেন - এম এ আলীম সরকার

উত্তরবঙ্গের মঙ্গাপ্রবণ অঞ্চল ও সিলেটের বন্যাকবলিত কৃষকদের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানালেন - এম এ আলীম সরকার

প্রজ্ঞা নিউজ ডেস্ক: 
বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)-এর সভাপতি এম এ আলীম সরকার উত্তরবঙ্গের মঙ্গাপ্রবণ অঞ্চল এবং সিলেটের হাওরাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জরুরি ভিত্তিতে বিশেষ আর্থিক ও কৃষি সহায়তা বরাদ্দের আহ্বান জানিয়েছেন।
গত ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং সামগ্রিক অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো কৃষক সমাজ। অথচ উত্তরবঙ্গের মঙ্গাপ্রবণ এলাকায় দীর্ঘদিন ধরে দারিদ্র্য, কর্মসংস্থানের সংকট ও কৃষি উৎপাদনের অনিশ্চয়তা কৃষকদের জীবনকে চরম দুর্বিষহ করে তুলেছে। এর সঙ্গে সিলেটের হাওরাঞ্চলে সাম্প্রতিক ঘনঘন বন্যায় মৌসুমি ফসল, গবাদিপশু, মৎস্যসম্পদ এবং কৃষি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় হাজার হাজার কৃষক ও কৃষিশ্রমিক আজ গভীর অর্থনৈতিক সংকটের মুখোমুখি।
এম এ আলীম সরকার বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সরকারকে অবিলম্বে একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে উন্নতমানের বীজ, সার, কৃষি উপকরণ, সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নগদ আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তিনি।
তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন করে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
বিজিপি সভাপতি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে।” তাই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরুদ্ধার, কৃষি উৎপাদন সচল রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে বিশেষ বরাদ্দ ও কার্যকর উদ্যোগ গ্রহণ সময়ের অপরিহার্য দাবি।
বার্তা প্রেরক , অমূল্য কুমার বৈদ্য
সাধারণ সম্পাদক
বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)