রোনালদোর সঙ্গে ১৮ বছর বয়সী ফুটবলারের তুলনা করলেন কিংবদন্তি থমাস মুলার
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
২০২৬ বিশ্বকাপকে ঘিরে এক ব্যতিক্রমী মন্তব্য করে আলোচনায় এসেছেন থমাস মুলার (Thomas Müller)। বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস-এ (Vancouver Whitecaps FC) খেলা সাবেক জার্মান তারকা টেলিভিশন চ্যানেল ‘ম্যাজেনটা টিভি’-তে বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo)-কে জার্মানির তরুণ প্রতিভা লেনার্ট কার্ল (Lennart Karl)-এর সঙ্গে তুলনা করেন।
উপস্থাপক লরা ভোনতোরার সঙ্গে আলাপকালে মুলার বলেন, “অন্যদেরই পারফর্ম করতে হবে। এটাই আমার দর্শন। তাই ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের লেনার্ট কার্ল।”
মন্তব্যটি প্রথমে অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও পরে এর ব্যাখ্যা দেন মুলার। তার মতে, রোনালদো কিংবা কার্ল—কাউকেই তাদের জাতীয় দলের সাফল্যের একমাত্র ভরসা হিসেবে দেখা উচিত নয়। তিনি বলেন, একজন খেলোয়াড় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন, গোল করতে পারেন, কিন্তু পুরো দলের ভাগ্য একজনের কাঁধে চাপিয়ে দেওয়া ঠিক নয়।
মুলারের ভাষায়, “রোনালদো গোল করেন, ম্যাচে প্রভাব ফেলেন, কিন্তু পর্তুগিজ ফুটবল কেবল তার ওপর নির্ভরশীল নয়।” অন্যদিকে, ১৮ বছর বয়সী লেনার্ট কার্লকে বায়ার্ন মিউনিখে (Bayern Munich) এবং জার্মান ফুটবলের অন্যতম উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে পেশির চোটে পড়ে তিনি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন আসান ওয়েদ্রাউগো (Assan Ouédraogo)।
সম্প্রতি কার্লের একটি পুরোনো মন্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। সেখানে তিনি স্বীকার করেন, বায়ার্ন মিউনিখে খেলা তার জন্য স্বপ্নপূরণ হলেও ভবিষ্যতে তিনি রিয়াল মাদ্রিদে (Real Madrid CF)-এ খেলতে চান। তরুণ এই মিডফিল্ডার বলেন, “বায়ার্ন একটি বিশাল ক্লাব। এখানে খেলা স্বপ্নের মতো। তবে একদিন রিয়াল মাদ্রিদে খেলতে চাই। সেটাই আমার স্বপ্নের ক্লাব।”
কার্লের রিয়াল মাদ্রিদের প্রতি আকর্ষণ নতুন নয়। জানা গেছে, ২০১৮ সালে মাত্র ১০ বছর বয়সে তিনি রিয়াল মাদ্রিদের একটি ট্রায়ালে অংশ নিয়েছিলেন। বিভিন্ন ধাপ পেরিয়ে তিনি মাদ্রিদে গিয়ে ট্রায়ালের সুযোগও পান। তবে শেষ পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার কোনো চুক্তি হয়নি। বিশ্বকাপ মিস করলেও লেনার্ট কার্লকে ভবিষ্যৎ জার্মান ফুটবলের অন্যতম বড় তারকা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আর সেই কারণেই থমাস মুলারের চোখে রোনালদো ও কার্লের মধ্যে মিল এক জায়গাতেই—দুজনই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো দলের সাফল্যই একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে না। সূত্র: জাগোনিউজ



















