জাতিসংঘের মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ পাচ্ছেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আফ্রিকার আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদানের ঘোষণা দিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ জুন নিউইয়র্কে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস (António Guterres) তাদের এই সম্মাননা প্রদান করবেন।
মরণোত্তর পদকপ্রাপ্ত বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন—জাহাঙ্গীর আলম, সবুজ মিয়া, মাসুদ রানা, মোমিনুল ইসলাম, শামীম রেজা এবং সান্ত মণ্ডল।
তারা ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আবেই অঞ্চলে জাতিসংঘের ইউএনআইএসএফএ (UNISFA) মিশনে কর্মরত অবস্থায় একটি ড্রোন হামলায় নিহত হন।
আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে ১৯৪৮ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো প্রায় সাড়ে চার হাজার শান্তিরক্ষীর স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন মহাসচিব। একই অনুষ্ঠানে গত বছরে নিহত ৫৯ জনসহ মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ দেওয়া হবে।
বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সামরিক ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশগুলোর মধ্যেবাংলাদেশ চতুর্থ বৃহত্তম অবদানকারী দেশ। বেই, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সাইপ্রাস, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, লিবিয়া, দক্ষিণ সুদান এবং পশ্চিম সাহারা-এ পরিচালিত মিশনগুলোতে ২৭৭ জন নারীসহ চার হাজারের বেশি বাংলাদেশি সদস্য কর্মরত রয়েছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের বিভিন্ন সংঘাতপ্রবণ ও ঝুঁকিপূর্ণ অঞ্চলে ৫০ হাজারেরও বেশি বেসামরিক, সামরিক ও পুলিশ সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। মোট ১১৮টি দেশ জাতিসংঘের ১১টি শান্তিরক্ষা মিশনে জনবল সরবরাহ করছে। সূত্র: বিডি২৪লাইভ ডট কম



















