হাওর রক্ষায় জরুরি পদক্ষেপের দাবি বিজিপির–আগাম বন্যা, দুর্নীতি ও অব্যবস্থাপনায় হাওরাঞ্চল বিপর্যস্ত: এম এ আলীম সরকার
- By Progga News Desk --
- 07 May, 2026
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অঞ্চল রক্ষায় জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)। দলটির সভাপতি এম এ আলীম সরকার বলেছেন, হাওর অঞ্চল দেশের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ, যা শুধু জীববৈচিত্র্যের ভাণ্ডারই নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তা, মৎস্যসম্পদ এবং লক্ষ লক্ষ মানুষের জীবিকার অন্যতম প্রধান ভিত্তি।
সোমবার (০৫ মে ২০২৬) এক বিবৃতিতে তিনি বলেন, অব্যবস্থাপনা, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, দুর্নীতি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হাওর অঞ্চল আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। সরকারের অবহেলার কারণে প্রতিবছর হাওরবাসীকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, প্রতি বছর আগাম বন্যা, বাঁধ নির্মাণে অনিয়ম, খনন কার্যক্রমে দুর্বলতা এবং প্রশাসনের গাফিলতির কারণে সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও নেত্রকোনাসহ বিভিন্ন হাওরাঞ্চলে কৃষকরা চরম ক্ষতির শিকার হচ্ছেন। চলতি মৌসুমে অতিবৃষ্টি ও উজানের পানির ঢলে হাওরাঞ্চলের অর্ধেকের বেশি ধান পানিতে তলিয়ে গেছে। অনেক কৃষক ঘরে ফসল তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন।
এম এ আলীম সরকার বলেন, এর ফলে শুধু কৃষকের জীবনই দুর্বিষহ হয়ে উঠছে না, দেশের খাদ্য উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি হাওর অঞ্চল রক্ষায় আধুনিক প্রযুক্তিনির্ভর দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, হাওর অঞ্চলে হাঁস পালন ও মৎস্য প্রকল্প সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় জনগণের অর্থনৈতিক বিপ্লব ঘটানো সম্ভব। পাশাপাশি সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে হাওর অঞ্চলকে একটি অর্থনৈতিক জোনে রূপান্তর করা যেতে পারে।
বিজিপির পক্ষ থেকে সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে , হাওর অঞ্চলের টেকসই ব্যবস্থাপনার জন্য সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন , হাওর রক্ষা বাঁধ নির্মাণের পাশাপাশি গভীর ক্যানেল খনন , আগাম বন্যা প্রতিরোধে কার্যকর পূর্বাভাস ব্যবস্থা ও জরুরি প্রস্তুতি জোরদার , হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ ,ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা।
বিবৃতিতে বাংলাদেশ গণমুক্তি পার্টি মনে করে, “হাওর অঞ্চল রক্ষা করা মানে দেশের ভবিষ্যৎ রক্ষা করা।” তাই সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
বার্তাপ্রেরক হিসেবে বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য।



















