Logo

আন্তর্জাতিক    >>   শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ‘পথরেখা’—উপযুক্ত সময়ে আন্দোলনের ডাক: বাহাউদ্দীন নাসিম

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ‘পথরেখা’—উপযুক্ত সময়ে আন্দোলনের ডাক: বাহাউদ্দীন নাসিম

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ‘পথরেখা’—উপযুক্ত সময়ে আন্দোলনের ডাক: বাহাউদ্দীন নাসিম

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাসিম বলেছেন, “দেশরত্ন” শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একটি সুপরিকল্পিত পথরেখা তৈরি করা হচ্ছে এবং উপযুক্ত সময়েই আন্দোলনের ডাক দেওয়া হবে।
গত ২৭ এপ্রিল ২০২৬ সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” নামে একটি টেলিগ্রাম গ্রুপের ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় দেশ-বিদেশ থেকে অর্ধশতাধিক ব্যক্তি যুক্ত হন।
বাহাউদ্দীন নাসিম তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে “মহাসংকট” হিসেবে উল্লেখ করে বলেন, জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষকে জনশক্তিতে রূপান্তর করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরবে। তিনি দাবি করেন, দেশের গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সংকট চরমে পৌঁছেছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।
বিএনপি নেতা তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, “পাঁচ বছর নয়, তার আগেই বিদায় নিতে হবে।” একই সঙ্গে তিনি বিএনপি, জামায়াত ও অন্যান্য শক্তিকে “দেশবিরোধী জোট” আখ্যা দেন।
আন্দোলনের ডাক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিম বলেন, পরিস্থিতি বিবেচনা করে একটি বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে শিগগিরই কর্মসূচি আসবে এবং সেই আন্দোলনের নেতৃত্বে থাকবেন শেখ হাসিনা।
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জনগণের মনে আঘাত দিয়েছে এবং গত দুই মাসে তাদের ব্যর্থতা জনগণকে হতাশ করেছে। তার ভাষায়, “জনগণ এখন আওয়ামী লীগকে খুঁজছে।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও সত্যের পক্ষে লেখালেখি বাধাগ্রস্ত হলে জাতীয় সংকট আরও গভীর হয়। তাই সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন এবং সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক শফিক বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিএম তরিকুল ইসলাম।
এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকনসহ দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজন আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, ১৫ আগস্ট, ৩ নভেম্বর জেলহত্যা দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সূত্র : শফিক বাবু / হাকিকুল ইসলাম খোকন ।