Logo

আন্তর্জাতিক    >>   বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অমর কারিগর কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই!

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অমর কারিগর কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই!

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অমর কারিগর কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই!

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় আলোকচিত্রী রঘু রাই আর নেই। রবিবার (২৬ এপ্রিল) ভারতের নয়াদিল্লি-এর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

রঘু রাই শুধু একজন আলোকচিত্রীই ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের এক নির্ভীক দলিল নির্মাতা। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের প্রখ্যাত পত্রিকা দ্য স্টেটসম্যান-এর প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত অতিক্রম করে তিনি বাংলাদেশে প্রবেশ করেন এবং যুদ্ধের ভয়াবহতা, শরণার্থী শিবিরের মানবিক বিপর্যয় ও মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা ক্যামেরাবন্দি করেন।

রণাঙ্গনের সম্মুখ যুদ্ধ থেকে শুরু করে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্ত—তার তোলা প্রতিটি ছবি আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একেকটি জীবন্ত দলিল হিসেবে বিবেচিত। মুক্তিযুদ্ধের সময় ভারতের আশ্রয়শিবিরে থাকা উদ্বাস্তু বাংলাদেশিদের দুর্দশার চিত্র তুলে ধরেও তিনি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তার শৈল্পিক ও শক্তিশালী আলোকচিত্র শুধু ইতিহাসকে সংরক্ষণই করেনি, বরং তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি ও খ্যাতি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর ধরে তিনি প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। তার ছেলে আলোকচিত্রী নীতিন রাই জানান, প্রথমে প্রোস্টেট ক্যানসার ধরা পড়লেও পরে তা পাকস্থলী এবং সর্বশেষ মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। পাশাপাশি বয়সজনিত নানা জটিলতাও দেখা দেয়।

বিশ্ব আলোকচিত্র অঙ্গনের এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণ এশিয়ার সাংবাদিকতা ও আলোকচিত্র জগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তার এই চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।