কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
কৃষকদের মাঝে গাছের চারা বিতরণকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "উপস্থিত ভাই ও বোনেরা, ওনাদের একেকটা করে গাছের চারা দিচ্ছি। কয়েকজনকে জাম গাছ দিয়েছি, আম গাছ দিয়েছি, ওনাদের বলেছি এগুলো বাসার সামনে রোপন করতে হবে। ওনাদের আশাপাশে যারা আছে খেয়াল করবেন। আর যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে, আমি খাবো, আমাকে পাঠাবেন, আপনারাও খেয়াল রাখবেন।"
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান নির্বাচিত সরকারের লক্ষ্যই হচ্ছে, কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসেবে গড়ে তোলা। সেইজন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি।
প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে সরকার পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লক্ষ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে। ঢাকা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী সরাসরি টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়াম আসেন। বেলা ১২ টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন চাপ দেওয়ার সাথে সাথে টাঙ্গাইলসহ সারাদেশে ১১টি উপজেলার ২২ হাজার ৬৭ জন কৃষকের প্রত্যেকের মোবাইলের মাধ্যমে ব্যাংক একাউন্টে আড়াই হাজার টাকার নগদ অর্থ চলে যায়। টাঙ্গাইলে ১৪শ ৫৩ জন কৃষক এই অর্থ পান। সূত্র: বিবিসি



















