ইরান সহায়তা না করলেও হরমুজ প্রণালি শিগগির খুলবে: ডোনাল্ড ট্রাম্প
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সহায়তা থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালি শিগগির খুলে যাবে। এই জলপথে তেহরানের কার্যকর অবরোধ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে অস্থিরতা সৃষ্টি করেছে।
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ও ইরানি কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনার আগে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘উপসাগরীয় অঞ্চল খুলে দেবে’ এবং অন্যান্য দেশও ‘সাহায্য করতে’ প্রস্তুত। ট্রাম্প বলেন, এটা সহজ হবে না। তিনি আরও বলেন, আমি এটুকু বলতে পারি, আমরা খুব শিগগির এটি খুলে দেব।
ওয়াশিংটন কীভাবে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংকীর্ণ পথটির অবরোধ দূর করবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। তবে তিনি বলেছেন যে, এই প্রণালিতে ইরানের চাপিয়ে দেওয়া কার্যত টোল বুথ ব্যবস্থা তিনি মেনে নেবেন না। তেহরান ইঙ্গিত দিয়েছে যে, যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হলেও তারা নিরাপদ যাতায়াতের জন্য জাহাজগুলোর কাছ থেকে মাশুল আদায় করবে।
মেরিল্যান্ডের ক্যাম্প স্প্রিংসের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ওরা যদি এমনটা করে, আমরা তা হতে দেব না। ডোনাল্ড ট্রাম্প বলেন, যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র না থাকাটাই অগ্রাধিকার এবং এই প্রণালি ‘স্বয়ংক্রিয়ভাবে’ খুলে যাবে। তিনি বলেন, ইরানের কাছে ‘কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’ সূত্র: আল জাজিরা, জাগোনিউজ



















