শিল্পী রাজা রবি বর্মার আঁকা মাতা যশোদা ও শ্রী কৃষ্ণের তৈলচিত্র বিক্রি ১৭.৯ মিলিয়ন ডলারে
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ভারতীয় চিত্রকলার ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন উনবিংশ শতাব্দীর কিংবদন্তি শিল্পী রাজা রবি বর্মা। বুধবার মুম্বাইয়ে ‘সাফরনআর্ট’ আয়োজিত নিলামে তার আঁকা বিখ্যাত তৈলচিত্র ‘যশোদা ও কৃষ্ণ’ রেকর্ড ১৭ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।
নিলাম শুরুর আগে ছবিটির আনুমানিক মূল্য ধরা হয় ৮ দশমিক ৬ থেকে ১২ দশমিক ৯ মিলিয়ন ডলার। তবে নিলামে সংগ্রাহকদের মধ্যে তীব্র প্রতিযোগিতায় শেষ পর্যন্ত তা প্রত্যাশিত দাম ছাড়িয়ে যায়। ছবিটির চূড়ান্ত ক্রেতা ভারতের প্রখ্যাত শিল্পপতি ও ভ্যাকসিন টাইকুন সাইরাস পুনাওয়ালা। তিনি ছবিটি কেনেন ১৭ দশমিক ৯ মিলিয়ন ডলারে।
ছবিটি কেনার পর পুনাওয়ালা বলেন, ‘এই সম্পদটি জনসাধারণের দেখার জন্য পর্যায়ক্রমে প্রদর্শনের ব্যবস্থা করা উচিত।’ এই উদ্যোগ নেবেন বলেও জানান তিনি। ১৮৯০-এর দশকে রাজা রবি বর্মা যখন তার ক্যারিয়ারের মধ্যগগনে ছিলেন, তখন এই ছবিটি আঁকেন। ছবিতে পুরাণের একটি মুহূর্ত ফুটে উঠেছে, যেখানে শিশু কৃষ্ণ তার মা যশোদার আঁচল ধরে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন, আর মা গৃহকর্মে ব্যস্ত। রবি বর্মার চিরাচরিত ইউরোপীয় বাস্তবতা এবং ভারতীয় পৌরাণিক থিমের অনন্য সংমিশ্রণ এই ছবিকে বিশ্বমানের শিল্পকর্মে পরিণত করে।
এই বিক্রয়মূল্যের মাধ্যমে রবি বর্মা আধুনিক ভারতীয় শিল্পকলার ইতিহাসে সবচেয়ে দামি শিল্পীর তকমা পেলেন। এর আগে এই রেকর্ড ছিল মকবুল ফিদা হুসেনের (এম এফ হুসেন) ‘আনটাইটেলড (গ্রাম যাত্রা)’ চিত্রকর্মের দখলে, যেটি ২০২৫ সালে ১১৮ কোটি রুপিতে বিক্রি হয়। এছাড়া অমৃতা শের-গিল, এস এইচ রাজা এবং ভি এস গাইতোন্ডের মতো শিল্পীদের রেকর্ডও ছাড়িয়ে গেলেন রবি বর্মা।
শিল্প বিশেষজ্ঞরা বলছেন, এই রেকর্ড বিশ্ববাজারে ভারতীয় শিল্পের ক্রমবর্ধমান কদর ও শক্তির পরিচয় দিচ্ছে। সাফরনআর্টের মতে, এই নিলাম ভারতীয় শিল্পের চিরস্থায়ী সাংস্কৃতিক আবেদন আবারও বিশ্বমঞ্চে জোরালোভাবে তুলে ধরল।
রাজা রবি বর্মার জন্ম ১৮৪৮ সালে ভারতের কেরালায়। ১৯০৬ সালে একই স্থানে মারা যান তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও গালফ নিউজ, সমকাল


















