Logo

আন্তর্জাতিক    >>   ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করায় পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালার ক্ষোভ

‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করায় পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালার  ক্ষোভ

‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করায় পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালার ক্ষোভ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে প্রবেশের সময় পেছন থেকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের জনগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন পর্বে দাঁড়িয়ে তিনি এই ন্যাক্কারজনক ঘটনার বিচার ও সঠিক তদন্ত দাবি করেন।

সাংসদ হানজালা অধিবেশনে বলেন, “গত ৩০ মার্চ আমি স্পিকারের (হাফিজ উদ্দিন আহমদ) সহধর্মিণীর জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দিয়ে প্রবেশ করছিলাম। ঠিক সে সময় পেছন থেকে কেউ একজন আমাকে লক্ষ্য করে বলে ওঠে— ‘ঐ যে জঙ্গি এমপি যাচ্ছে’। বিষয়টি অত্যন্ত অপমানজনক। সম্ভবত আমার পোশাক, দাড়ি ও পাগড়ি দেখে আমাকে এভাবে সম্বোধন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “একজন বর্তমান সংসদ সদস্যকে সংসদের আঙিনায় এভাবে অপমান করা মানে পুরো সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করা। আল্লাহর নবীর সুন্নত এবং এই ধর্মীয় পোশাক কোনোদিন জঙ্গিবাদের প্রতীক হতে পারে না। আমি স্পিকারের কাছে অনুরোধ করছি— সিসিটিভি ফুটেজ দেখে স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদের নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিন, যাতে এই ধৃষ্টতা দেখানো ব্যক্তিকে খুঁজে বের করা হয়।”

পীরজাদা হানজালা আরও জানান, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে, যা তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজের জন্য হানিকর। সাংসদ হানজালার বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন। তিনি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পীরজাদা হানজালাকে নিয়ম অনুযায়ী একটি লিখিত নোটিশ দেওয়ার আহ্বান জানান। সূত্র: মানবকণ্ঠ