হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা আজ মধ্যরাতে শেষ হবে!
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা স্থানীয় সময় আজ রাতে শেষ হচ্ছে। শেষ হতে যাওয়া এই সময়সীমা নিয়ে মধ্যপ্রাচ্য সংকট আরো ঘনিয়ে ওঠার আশংকা করা হচ্ছে। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ‘কোনো হুমকি ছাড়া’ নৌ চলাচলের পথটি খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ করে দেবে।
শনিবার গ্রিনিচ মান সময় ২৩:৪৪ এর দিকে শেয়ার করা পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, "যদি ইরান ঠিক এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেবে। এবং শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে।
জবাবে তেহরান জানিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইরান।
দেশটির পার্লামেন্টের স্পিকার হুশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি হামলা করে, তাহলে গালফ অঞ্চলের দেশগুলোর জরুরি অবকাঠামোতে ‘অপূরণীয় ধ্বংসযজ্ঞ’ চালানো হবে। সূত্র: বিবিসি


















