Logo

আন্তর্জাতিক    >>   লারিজানিকে হত্যা: চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের

লারিজানিকে হত্যা: চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের

লারিজানিকে হত্যা: চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর লারিজানিই ছিলেন দেশটির সবচেয়ে সিনিয়র নেতা। এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে দুজন নিহত হয়েছেন। ইরাকের রাজধানী বাগদাদে  দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোসহ অন্য মিত্রদের সমালোচনা করে জানিয়েছেন, এসব দেশ ইরান যুদ্ধে জড়িত হতে চায় না। এর আগে হরমুজ প্রণালি রক্ষায় এগিয়ে আসতে সহযোগীদের প্রতি ট্রাম্প যে আহবান জানিয়েছিলেন সেটাও দেশগুলো নাকচ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার (এনসিটিসি)-এর পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেছেন ‘বিবেকের তাড়নায়’ তিনি ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিতেও হামলার খবর নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, স্থানীয় সময় সকাল ৯টায় আল মিনহাদ ঘাঁটিতে একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

তিনি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে কোনো অস্ট্রেলিয়ান নাগরিক আহত হননি এবং সবাই নিরাপদ আছেন। ওই ক্ষেপণাস্ত্রটি ঘাঁটির দিকে যাওয়ার একটি সড়কে আঘাত হানার ফলে স্বল্প আকারে আগুন লাগে। তবে এ কারণে একটি আবাসিক ভবন ও একটি চিকিৎসা স্থাপনায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের সেনাপ্রধানের হুমকি

ইরানের সেনাপ্রধান আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হওয়ার ঘটনায় তারা ‘চূড়ান্ত’ পাল্টা জবাব দেবে।

এক বিবৃতিতে হাতামি বলেন, উপযুক্ত সময় ও স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জায়নবাদী শাসনের বিরুদ্ধে কঠোর, প্রতিরোধমূলক ও অনুতাপজনক জবাব দেওয়া হবে। তিনি লারিজানি ও অন্যান্য ‘শহীদদের’ মৃত্যুর প্রতিশোধ নেওয়ার হুমকি দেন ওই বিবৃতিতে।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে যে, লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা এরই মধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপিও একই ধরনের খবর দিয়েছে।সূত্র: বিবিসি, জাগোনিউজ