Logo

আন্তর্জাতিক    >>   মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা: কে এই মোজতবা খামেনি?

মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা: কে এই মোজতবা খামেনি?

মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা: কে এই মোজতবা খামেনি?

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তার দ্বিতীয় পুত্র সাইয়্যেদ মোজতবা খামেনি। গতকাল রবিবার (৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের ৮৮ সদস্যের আলেম পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ এক বিবৃতিতে জানায়, একটি নির্ণায়ক ভোটের মাধ্যমে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে দেশের নতুন ‘সুপ্রিম লিডার’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন ও কার্যালয় কম্পাউন্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলাতেই খামেনির মৃত্যু হয় বলে প্রথমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন। কয়েক ঘণ্টা পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

কে এই মোজতবা খামেনি?

১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন মোজতবা খামেনি। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির ছয় সন্তানের মধ্যে দ্বিতীয়। তেহরানের আলাভি ধর্মীয় বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি ধর্মীয় শিক্ষায় মনোনিবেশ করেন।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মাত্র ১৭ বছর বয়সে ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি স্বল্প সময়ের জন্য কয়েক দফা সেনাবাহিনীতে কাজ করেছিলেন। পরে ১৯৯৯ সালে তিনি ধর্মীয় পড়াশোনা চালিয়ে যেতে শিয়া ধর্মতত্ত্বের গুরুত্বপূর্ণ কেন্দ্র পবিত্র শহর কোমে যান।

দীর্ঘদিন ধরে ক্ষমতার অন্দরমহলে প্রভাবশালী হিসেবে পরিচিত হলেও তিনি সবসময় জনসমক্ষে আসা এড়িয়ে চলেছেন। তিনি কখনো কোনো সরকারি পদে অধিষ্ঠিত হননি এবং প্রকাশ্যে বক্তৃতা বা সাক্ষাৎকারও দেননি। ফলে তার ছবি ও ভিডিও খুবই সীমিত।

ক্ষমতার অন্দরে দীর্ঘদিনের প্রভাব

বিশ্লেষকদের মতে, মোজতবা খামেনি বহু বছর ধরে তার বাবার ঘনিষ্ঠ ক্ষমতাকেন্দ্রে সক্রিয় ছিলেন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ও বাসিজ মিলিশিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

উইকিলিকস প্রকাশিত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তারবার্তায় তাকে আড়ালে থেকে প্রভাব বিস্তারকারী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছিল। তার বিরুদ্ধে অতীতে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও বিক্ষোভ দমনে ভূমিকা রাখার অভিযোগও রয়েছে।

বিশেষ করে ২০০৯ সালের ‘গ্রিন মুভমেন্ট’ চলাকালে বিক্ষোভ দমনে আধাসামরিক বাহিনী ব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যদিও তিনি এসব অভিযোগ প্রকাশ্যে স্বীকার করেননি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিক্রিয়া

নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের আগে থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে মোজতবা খামেনির নেতৃত্ব তিনি গ্রহণযোগ্য মনে করেন না। তিনি বলেন, “খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়।”

আরো পড়ুন:- ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে খুশি নন ডোনাল্ড ট্রাম্প

ইসরায়েলও সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনির যেকোনো উত্তরসূরির বিরুদ্ধেই তারা অভিযান চালিয়ে যাবে।

উত্তেজনা ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যে

মোজতবা খামেনির নাম নতুন নেতা হিসেবে ঘোষণার পর ইরান ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া গেছে। একই সময় যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস কর্মীদের সৌদি আরব ত্যাগের নির্দেশ দিয়েছে।

এদিকে বাহরাইন, কুয়েত ও কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভোরের দিকে একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে।

তেলের দামে বড় অস্থিরতা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮.৬৮ ডলারে পৌঁছেছে। আর যুক্তরাষ্ট্রের তেলের দাম প্রায় ২০ শতাংশ বেড়ে ১০৮ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত শান্ত না হলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। সূত্র: বিবিসি, আল-জাজিরা