Logo

আন্তর্জাতিক    >>   আইআরজিসি’র নতুন রণকৌশল ‘সুইসাইড ড্রোন’

আইআরজিসি’র নতুন রণকৌশল ‘সুইসাইড ড্রোন’

আইআরজিসি’র নতুন রণকৌশল ‘সুইসাইড ড্রোন’

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার যুদ্ধের চতুর্থ ও পঞ্চম দিনে এক নতুন রণকৌশল লক্ষ্য করা যাচ্ছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স এবং নেভির মধ্যে দায়িত্ব বণ্টনের মাধ্যমে এই সংঘাত এখন আরও সুনির্দিষ্ট ও তীব্র রূপ নিয়েছে। বিশেষ করে পারস্য উপসাগরে মোতায়েন করা আমেরিকান ঘাঁটিগুলো এখন ইরানি নেভির ‘সুইসাইড ড্রোন’ বা আত্মঘাতী ড্রোনের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩ মার্চ) যুদ্ধের চতুর্থ দিনে আইআরজিসি-র পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের কথা জানানো হয়েছে। নতুন এই পরিকল্পনায়র আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ইসরায়েলের মূল ভূখণ্ড এবং দূরবর্তী যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে।

আইআরজিসি নেভি (নৌবাহিনী) পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও স্বল্পপাল্লার হামলা পরিচালনার দায়িত্ব পেয়েছে। ইরান এই যুদ্ধে অত্যন্ত সস্তা কিন্তু কার্যকর অস্ত্র হিসেবে আত্মঘাতী ড্রোনকে বেছে নিয়েছে। আইআরজিসি নেভি, যাদের কাছে এই ড্রোনের বিশাল মজুদ রয়েছে, তারা ইতোমধ্যে অভিযানের ১৪তম এবং ১৫তম ঢেউ সফলভাবে পরিচালনা করেছে।

দক্ষিণ পারস্য উপসাগরীয় দেশগুলোতে বাহরাইন, কুয়েত, কাতার ও আমিরাত অবস্থিত মার্কিন নৌ ও বিমান ঘাঁটিগুলো এই ড্রোনের প্রধান লক্ষ্যবস্তু। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন স্বীকার করেছে যে, ঝাঁকে ঝাঁকে আসা এই ড্রোনগুলো মোকাবিলা করতে গিয়ে এই অঞ্চলের যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ এবং ‘প্যাট্রয়েট’ ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়ছে।

আইআরজিসি নেভির ড্রোন হামলায় কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটি কার্যত অচল হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া ক্যাম্প আরিফজানে ৬ জন আমেরিকান সেনার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই নতুন করে ড্রোনের আনাগোনা দেখা গেছে। মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌ-বহরের সদর দপ্তরে ড্রোন হামলায় কমান্ড ও সাপোর্ট সেন্টারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের এই কৌশলের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। একটি দামী ইন্টারসেপ্টর মিসাইলের চেয়ে ইরানি ড্রোনের খরচ অনেক কম যা যুক্তরাষ্ট্রের বাহিনীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। নিচ দিয়ে উড়তে সক্ষম এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, জাগোনিউজ