Logo

আন্তর্জাতিক    >>   ‘ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইসরায়েল’ স্লোগানসংবলিত স্টিকার লাগানোর অভিযোগ: ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

‘ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইসরায়েল’ স্লোগানসংবলিত স্টিকার লাগানোর অভিযোগ: ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

‘ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইসরায়েল’ স্লোগানসংবলিত স্টিকার লাগানোর অভিযোগ: ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইসরায়েল’ স্লোগানসংবলিত স্টিকার লাগানোর অভিযোগে যুক্তরাজ্যের দুই পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছেন। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের একটি শহরে এসব স্টিকার লাগানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

রাজ্য পুলিশ জানায়, লুইস গ্যাব্রিয়েল ডি এবং আনুশি এমা ক্রিস্টিন নামে ওই দম্পতি পর্যটন ভিসার শর্ত লঙ্ঘন করে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত ২১ জানুয়ারি জনপ্রিয় পর্যটন শহর পুষ্করে একাধিক স্থানে ওই দুই পর্যটক স্টিকার লাগাচ্ছেন, এমন অভিযোগ পাওয়া যায়। স্টিকারগুলোতে লেখা ছিল, ‘ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইসরায়েল’ (ফিলিস্তিন মুক্ত করো, ইসরায়েল বয়কট করো)।

রাজস্থানের অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ মীনা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ভারতীয় ভূখণ্ডে অবস্থান করে অন্য দেশের প্রতি অসম্মানজনক কর্মকাণ্ডে জড়ানো ভিসা বিধির স্পষ্ট লঙ্ঘন।

তিনি ইন্ডিয়া টুডেকে আলাদা করে বলেন, বিদেশি নাগরিকদের কর্মকাণ্ডের ওপর আমাদের নজর খুবই কড়া। কোনো বিদেশি নাগরিক পর্যটন ভিসার শর্ত ভঙ্গ করলে তাকে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে দেশ থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে কালো তালিকাভুক্ত করার মতো পদক্ষেপও রয়েছে।

রাজেশ মীনা জানান, গত সোমবার (২ ফেব্রুয়ারি) ভারতের অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫-এর আওতায় ওই দম্পতিকে নোটিশ পাঠায় পুলিশ অপরাধ তদন্ত বিভাগ। এর মাধ্যমে তাদের ভিসা বাতিল করা হয় এবং অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

পুষ্কর শহরটি ইসরায়েলি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। সামরিক দায়িত্ব শেষ করার পর অনেক ইসরায়েলি এখানে সময় কাটাতে আসেন। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যে জানা গেছে, বর্তমানে শহরটিতে প্রায় দুই হাজার ইসরায়েলি অবস্থান করছেন। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, জাগোনিউজ