Logo

আন্তর্জাতিক    >>   চট্টগ্রাম সমিতির আয়োজনে ‘চট্টল কন্যা’ শাহানা হানিফকে সংবর্ধনা ও সম্মাননা

চট্টগ্রাম সমিতির আয়োজনে ‘চট্টল কন্যা’ শাহানা হানিফকে সংবর্ধনা ও সম্মাননা

চট্টগ্রাম সমিতির আয়োজনে ‘চট্টল কন্যা’ শাহানা হানিফকে সংবর্ধনা ও সম্মাননা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্ক সিটি কাউন্সিলে ব্রুকলিনের ডিস্ট্রিক্ট–৩৯ থেকে টানা দুইবার বিপুল ভোটে নির্বাচিত প্রথম বাংলাদেশি মুসলিম কাউন্সিলর, চট্টগ্রামের গৌরব শাহানা হানিফকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে চিটাগং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনক।
২৩ নভেম্বর রোববার ব্রুকলিনস্থ “চট্টগ্রাম ভবন”-এ অনুষ্ঠিত হয় এই জমকালো আয়োজন। বিপুল সংখ্যক চট্টগ্রামবাসীসহ অন্যান্য জেলার অধিবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের। পবিত্র কোরআন থেকে পাঠ করেন মোহাম্মদ ঈসা এবং গীতা পাঠ করেন পল্লব রায়। যথাযোগ্য মর্যাদায় পরিবেশিত হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত।


চট্টগ্রাম সমিতির কার্যকরী কমিটি, বাংলাদেশ সোসাইটি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ কাউন্সিলওমেন শাহানা হানিফকে ফুল দিয়ে বরণ করেন। নতুন প্রজন্মের প্রতিনিধি তানিম উদ্বোধনী বক্তব্যে তরুণদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং শাহানা হানিফের পিতা মোহাম্মদ হানিফ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য কাজী সাখাওয়াত হোসেন আজম, বিশিষ্ট সমাজসেবক শামসুল আলম, সাবেক সভাপতি মুনির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ রিজভী চৌধুরী ও মোহাম্মদ সেলিম, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, রাজনীতিবিদ লুৎফর রহমান, লায়ন আহসান হাবিব, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মিয়া, নির্বাচন কমিশনার রুহুল আমিন হোসেন, সাবেক নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, মিজানুর রহমান জাহাঙ্গীর, ডেমোক্রেটিক পার্টির নেতা খোরশেদ খন্দকার, সাংবাদিক নেতা লাবলু আনসার, সিপিএ শ্রাবনী সিং, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ নুরুল আনোয়ার, কামাল হোসেন মিঠু, নারীনেত্রী ফরিদা শিরিন খানসহ বহু বিশিষ্টজন।


প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলওমেন শাহানা হানিফ দুই মেয়াদে তাকে বিপুল সমর্থন দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আমার বিজয়ে চট্টগ্রামবাসী এবং পুরো বাংলাদেশি কমিউনিটির অমূল্য অবদান রয়েছে।” প্যালেস্টাইনে গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে গ্রেফতার হওয়া এবং অধিকার বঞ্চিত মানুষের পক্ষে তার লড়াইয়ের কথা তিনি উল্লেখ করেন। ইমিগ্র্যান্ট সম্প্রদায়, স্বল্পআয়ের পরিবার এবং ভাড়াটেদের অধিকার রক্ষায় তার অফিস যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে, তার সাফল্যের কথাও তুলে ধরেন।
চট্টগ্রাম সমিতির কার্যকরী কমিটি কাউন্সিলওমেন শাহানা হানিফকে “অনারারি লাইফ মেম্বার” সনদ প্রদান করে। সম্মাননা ক্রেস্ট তুলে দেন সভাপতি মোহাম্মদ আবু তাহের এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম।
শেষে অতিথিদের সম্মানে সুস্বাদু ডিনারের ব্যবস্থা করা হয়।
নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের গৌরবময় এই আয়োজন সবার মনে দাগ কাটে।