ব্রঙ্কস মুসলিম সেন্টারে মেয়র অফিস ও এনওয়াইপিডির উচ্চপর্যায়ের বৈঠক: রমজানে নিরাপত্তা জোরদারসহ কমিউনিটির সমস্যার সমন্বিত সমাধানে একযোগে কাজের অঙ্গীকার
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় ব্রঙকস মুসলিম সেন্টারে নিউইয়র্ক সিটির মেয়র অফিস, এনওয়াইপিডি ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে এক গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। কমিউনিটির সার্বিক সমস্যা, মুসলিম কমিউনিটির নিরাপত্তা, বিশেষ করে আসন্ন রমজানে মসজিদকেন্দ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে একযোগে কাজ করার লক্ষ্যেই এই বৈঠক আয়োজিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন এনওয়াইপিডির মুসলিম লিয়াজন মোহাম্মেদ ফাদেল, ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার (কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিট) আলদেন ফস্টার, মেয়র অফিসের মুসলিম লিয়াজন মেহেদী হাসান এবং ৫২ প্রিসিঙ্কট কমিউনিটি অ্যাফেয়ার্সের ডিটেকটিভ অফিসারসহ মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিটের কর্মকর্তা প্রতিনিধিরা।
ব্রঙকস মুসলিম সেন্টারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি জনাব আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলী, সহ-সভাপতি আব্দুর রহিম বাদশা, সম্মানিত ইমাম ও খতিব হাফেজ রুহুল আমিন, কোষাধ্যক্ষ জনাব হাসান করিম, সহ-কোষাধ্যক্ষ আব্দুল মমিন বিশ্বাস এবং কার্যকরী কমিটির সম্মানিত সদস্য আব্দুর রব হাওলাদার, আবুল বারাকাত, মোরসালিন বিন হাফেজ, বজলুর রহমান আকন্দ, মজিবর রহমান ও নূর কুতুবুল আলম প্রমুখ।
প্রায় এক ঘণ্টাব্যাপী এই গুরুত্বপূর্ণ বৈঠকে রমজান মাসে প্রতিটি মসজিদে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে এনওয়াইপিডির অতিরিক্ত টহল ও নজরদারি বৃদ্ধির ব্যাপারে আশ্বাস প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় এলাকায় প্রস্টিটিউশনসহ নানাবিধ সামাজিক সমস্যা সমাধানে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সকল পক্ষই কমিউনিটির সার্বিক নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ ও উন্নত নাগরিক সেবার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।



















