নিউইয়র্ক—বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার ও কোষাধ্যক্ষ রশীদ আহমদ নির্বাচিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্ক গত ৮ নভেম্বর ২০২৫ শনিবার , যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের প্রাচীনতম ও বৃহত্তম সংগঠন ‘নিউইয়র্ক—বাংলাদেশ প্রেসক্লাব’-এর ২০২৬–২০২৭ সেশনের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার এবং কোষাধ্যক্ষ পদে রশীদ আহমদ নির্বাচিত হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের হলরুমে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক মঈন উদ্দীন নাসের, যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। কমিশনের অপর দুই সদস্য ছিলেন এবিএম সালেহ উদ্দীন ও চৌধুরী এম আলী কাজল।
সভাপতি পদে ৫১ ভোট পেয়ে বিজয়ী হন মনোয়ারুল ইসলাম। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল–এর কন্ট্রিবিউটিং এডিটর। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম সালাহউদ্দিন আহমেদ (সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভি) পান ৪৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিএ নিউজ ২৪-এর সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এমদাদ চৌধুরী দীপু পান ২৫ ভোট।
প্রথম অধিবেশনে নবনির্বাচিত সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন সদস্য জামীল আনছারী। পরে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মনোয়ারুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ, মাহবুবুর রহমান, ওয়াজেদ এ খান, মাহফুজুর রহমান, আবু তাহের, মাহমুদ খান তাসের, শিহাব উদ্দীন কিশলু, সিরাজুল ইসলাম, ফরিদ আলম, শেখ খোরশান ও মিছবাহ আহমেদ।
বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মোট ১০৫ জন সদস্যের মধ্যে ৯৪ জন ভোটার অংশ নেন। সহ-সভাপতি, কোষাধ্যক্ষ এবং প্রচার ও দফতর সম্পাদক পদে যথাক্রমে আবিদুর রহিম, রশীদ আহমদ ও মোস্তাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নিউইয়র্ক—বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৬–২০২৭) সভাপতি মনোয়ারুল ইসলাম (সাপ্তাহিক আজকাল), সহ-সভাপতি: আবিদুর রহিম (ফ্রিল্যান্স), সাধারণ সম্পাদক: মমিনুল ইসলাম মজুমদার (বিএ নিউজ ২৪) , যুগ্ম সাধারণ সম্পাদক: মাহাথীর খান ফারুকী (এনটিভি) , কোষাধ্যক্ষ: রশীদ আহমদ (ইয়র্ক বাংলা), সাংগঠনিক সম্পাদক: সৈয়দ ইলিয়াস খসরু (টাইম টেলিভিশন), প্রচার ও দফতর সম্পাদক: মোস্তাফিজুর রহমান (সাপ্তাহিক যুগান্তর), কার্যকরী সদস্য: শেখ সিরাজুল ইসলাম (বাংলা পত্রিকা), রওশন হক (প্রথম আলো), ফারুক হোসেন (ফ্রিল্যান্স) ও শাহ আহমদ (আওয়াজ বিডি)।
মোট ১১টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সাংবাদিক সমাজের ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার প্রতিফলন দেখা যায়।


















