জ্যাকসন হাইটসে বাঙালি-আমেরিকানদের শক্তিশালী সমর্থন — মেয়র পদে অ্যান্ড্রু কুয়োমোর পক্ষে প্রচারনা ও শোভাযাত্রা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের বাংলাদেশি আবাসভূমি জ্যাকসন হাইটসে গতকাল সোমবার, ৩ নভেম্বর ২০২৫ তারিখে, অনুষ্ঠিত হলো মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোর সমর্থনে জোরালো নির্বাচনী প্রচারণা ও শোভাযাত্রা। ড্রাইভার সিটি প্লাজা থেকে শুরু হওয়া এই কর্মসূচির নেতৃত্ব দেন নিউইয়র্ক ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ এবং নিউইয়র্ক সিটির কমিউনিটি বোর্ডের সদস্য ফাহাদ সোলায়মান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সিটি কাউন্সিলম্যান হায়রাম মনসুরাত, কমিউনিটি নেতা ইয়াসমিন ফাত্তাহ, জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়ী শাকিল মিয়া, ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের সম্পাদক মানিক দেলোয়ারসহ বাঙালি-আমেরিকান কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “নিউইয়র্ক সিটির অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনিকভাবে যোগ্য নেতৃত্ব অত্যন্ত জরুরি। অ্যান্ড্রু কুয়োমো একজন অভিজ্ঞ নেতা হিসেবে সংকটময় সময়ে পুনরুদ্ধারের আশ্বাস দিতে পারেন। শিক্ষা, জননিরাপত্তা, বাসস্থান ও মানসিক স্বাস্থ্য — প্রতিটি ক্ষেত্রে বন্দোবস্ত নিশ্চিত করতে সক্ষম একজনই, আর তিনি হলেন অ্যান্ড্রু কুয়োমো।”
বক্তারা আরও যোগ করেন—“বাংলাদেশি ও সাউথ এশিয়ান কমিউনিটি বিশ্বের সবচেয়ে বড় মেগাসিটিগুলোর একটিতে নেতৃত্ব পর্যায়ে নিজেদের অবস্থান মজবুত করতে চায়। এ অবস্থায় কুয়োমো মেয়র নির্বাচিত হলে প্রশাসনে দক্ষিণ এশীয় তথা বাংলাদেশিদের ভূমিকা আরও শক্তিশালী ও দৃশ্যমান হবে।”
আলোচনা শেষে “এগিয়ে চল অ্যান্ড্রু কুয়োমো”, “Vote for Cuomo”, “We Stand with Cuomo”—এসব শ্লোগানে মুখরিত হয়ে ওঠে জ্যাকসন হাইটসের বিভিন্ন এলাকা ।এর পর ট্রাকের মাধ্যমে শোভাযাত্রাটি জ্যাকসন হাইটসের বিভিন্ন স্ট্রিট ও এভিনিউ প্রদক্ষিণ করে এতে বাংলাদেশি-আমেরিকান যোগ দেন, যা স্পষ্ট করে যে প্রবাসী বাঙালি সমাজে কুয়োমোর প্রতি সমর্থন দিন দিন আরও সুসংহত হচ্ছে। ইতোমধ্যেই এ সমর্থন নিউইয়র্ক সিটির নির্বাচনী সমীকরণে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে পর্যবেক্ষকদের অভিমত।
নির্বাচনী প্রচারণার এই আয়োজনটি নিঃসন্দেহে দেখিয়ে দিল, নিউইয়র্ক সিটির আগামী মেয়র হিসেবে অ্যান্ড্রু কুয়োমোর পক্ষে বাঙালি-আমেরিকান ভোটারদের আশা ও আস্থা ক্রমাগতই বাড়ছে।


















