বাংলাদেশি রিপাবলিকানদের ঐক্যবদ্ধ সমর্থন — নিউইয়র্কের পরবর্তী মেয়র হিসেবে কুয়োমোকে চায় জ্যামাইকার সভা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আসন্ন নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সাবেক গভর্নর এন্ড্রু কুয়োমোর প্রতি জোরালো সমর্থন ঘোষণা করেছে বাংলাদেশ-আমেরিকান রিপাবলিকান এলায়েন্স। গত ২ নভেম্বর বিকেলে জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউতে অনুষ্ঠিত এক প্রভাবশালী সমাবেশে সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে কুয়োমোর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তাঁদের মতে, কুয়োমোর অভিজ্ঞ নেতৃত্বই পারে নিউইয়র্ককে আবারও শৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নের পথে ফেরাতে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান নাসির খান পল, আর উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক প্রিয়তোষ দে। নাসির খান পল বলেন, “জনগণের স্বার্থে শিক্ষাব্যবস্থায় মেয়রের পুনঃনিয়ন্ত্রণ ফিরিয়ে আনা এবং ‘গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড প্রোগ্রাম’ ও বিশেষায়িত স্কুলের সংখ্যা দ্বিগুণ করার অঙ্গীকার দিয়েছেন এন্ড্রু কুয়োমো, যা শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে।”
ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ বলেন, “বাংলাদেশি ও সাউথ এশিয়ান কমিউনিটি এখন স্থিতিশীল ও কৌশলগত নেতৃত্ব চায়। নিউইয়র্ক সিটির অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাবেক গভর্নর কুয়োমোর চেয়ে যোগ্য প্রার্থী নেই।”
কমিউনিটি বোর্ড সদস্য ফাহাদ সোলায়মান মতামত ব্যক্ত করে বলেন, “জননিরাপত্তা, বাসস্থান, শিক্ষা থেকে মানসিক স্বাস্থ্য—নিউইয়র্কের প্রতিটি খাতে অনিয়ম বাড়ছে। এন্ড্রু কুয়োমোর অভিজ্ঞ নেতৃত্ব এই পরিস্থিতির যৌক্তিক সমাধান আনতে সক্ষম।”
কমিউনিটি নেতা কাজল মাহমুদ বলেন, “কুয়োমো মেয়র হলে সাউথ এশিয়ানদের, বিশেষত বাংলাদেশিদের, প্রশাসনে আরও শক্তিশালী প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।”
সভায় আরো বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলম্যান হায়রাম মনসুরাত, কমিউনিটি লিডার ইয়াসমিন ফাত্তাহ, সংগঠনের সহ-সভাপতি ডা. রেজাউল করিম ও বিদ্যুৎ সরকার , ইমাম কাজী আব্দুল কাইয়্যুম, সাউথ এশিয়ান নেতা যশপ্রসাদসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, “পরিবহন ব্যবস্থার সংস্কার, সাশ্রয়ী আবাসন প্রকল্প, মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং আধুনিক নগর পরিচালনায় কুয়োমোর পরিকল্পনা নিউইয়র্ক সিটির ভবিষ্যৎকে নতুন করে সাজাবে। অভিজ্ঞতা, দক্ষতা ও সাহসী নেতৃত্বের একমাত্র প্রতীক এন্ড্রু কুয়োমো।”
সভা শেষে কুয়োমোর সমর্থনে একটি র্যালি বের হয়। ‘এগিয়ে চল এন্ড্রু কুয়োমো’, ‘আমরা আছি তোমার সাথে’, ‘Vote for Cuomo’—এসব শ্লোগানে মুখরিত হয়ে ওঠে হিলসাইড অ্যাভিনিউ। সমাবেশ ও র্যালি প্রমাণ করে, বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান সমাজে কুয়োমোর পক্ষে জনসমর্থন ক্রমেই শক্তিশালী হচ্ছে, যা নির্বাচনী ফলাফলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।


















