উইকিপিডিয়ার বিকল্প এআই নির্ভর ‘গ্রোকিপিডিয়া’ উদ্বোধন করলেন ইলন মাস্ক
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের অন্যতম ধনকুবের ইলন মাস্ক এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন অনলাইন বিশ্বকোষ ‘গ্রোকিপিডিয়া’ চালু করেছেন। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ‘গ্রোকিপিডিয়া’ উদ্বোধন করে ইলন মাস্ক দাবি করেছেন, এই প্ল্যাটফর্মটি উইকিপিডিয়ার তুলনায় কম পক্ষপাতদুষ্ট এবং আরও নিরপেক্ষ।
ইলন মাস্কের কোম্পানি (এক্স-এআই) এর তৈরি এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং বিনামূল্যে ব্যবহারের উপযোগী। গুগলের মতো একটি বড় সার্চবারসহ হোমপেজে ব্যবহারকারীরা বিভিন্ন রঙের মোড পরিবর্তন ও নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। উদ্বোধনের সময় গ্রোকিপিডিয়ায় প্রায় ৮ লাখ ৮৫ হাজার অ্যাকাউন্ট খোলা হয়েছে। কিন্তু চালুর কিছুক্ষণের মধ্যেই সাইটটি ক্র্যাশ করে। তবে কয়েক ঘণ্টা পর আবার তা সচল হয়।
ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, গ্রোকিপিডিয়ার ০.১ সংস্করণ এরই মধ্যে উইকিপিডিয়ার চেয়ে ভালো কাজ করছে। তবে উইকিপিডিয়ার মতো এখানে ব্যবহারকারীরা নিজেরা কোনো নিবন্ধ সম্পাদনা বা সংশোধন করতে পারবেন না। গ্রোকিপিডিয়া নিয়ে মাস্ক আরও বলেছেন, এটি নিজস্ব এআই ভিত্তিক ফ্যাক্ট–চেকিং ব্যবস্থা ব্যবহার করে নিরপেক্ষতা নিশ্চিত করবে।
উইকিমিডিয়া জার্মানির ব্যবস্থাপনা পরিচালক ফ্রানজিসকা হেইনে বলেন, উইকিপিডিয়া কোনো কোম্পানির মালিকানাধীন নয়; হাজারো স্বেচ্ছাসেবকের অংশগ্রহণেই এটি পরিচালিত হয়, যা প্রকল্পের প্রতি বিশ্বাস তৈরি করে। ইলন মাস্ক অভিযোগ করছেন, উইকিপিডিয়া রাজনৈতিকভাবে বামঘেঁষা। তবে উইকিমিডিয়া জানিয়েছে, গত ২৫ বছরের গবেষণায় এই দাবি প্রমাণিত হয়নি। সূত্র : ইউরো নিউজ



















