নিউইয়র্কে মেয়র পদে অ্যান্ড্রু কুয়োমোকে সমর্থনে প্রচারণা সভা: জোহরান মামদানির নির্বাচনী ইশতেহারে পতিতা ব্যবসার পক্ষে অবস্থান নিয়ে মুসলিম কমিউনিটির উদ্বেগ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে প্রার্থী Andrew Cuomo–কে সমর্থন জানিয়ে এক জনসভায় বক্তারা বলেন, বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধর্মীয় সহাবস্থান ও সামাজিক মূল্যবোধ রক্ষা। নির্বাচনী ইশতেহারে পতিতা ব্যবসাকে সমর্থন দিয়ে Zohran Mamdani ইসলাম ধর্ম ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী অবস্থান নিয়েছেন— যা ধর্মপ্রাণ মুসলমানসহ নানা ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
বক্তারা বলেন, “ইসলাম ধর্ম কোনোভাবেই পতিতাবৃত্তি বা সমকামিতাকে সমর্থন করে না। অথচ জোহরান মামদানি তাঁর ঘোষণাপত্রে এই ধরনের অবৈধ ও অনৈতিক কার্যক্রমকে বৈধ করার পক্ষে অবস্থান নিয়েছেন— যা ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি।”
তাঁরা আরও বলেন, নিউইয়র্ক সিটি হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ সহাবস্থানের একটি উজ্জ্বল উদাহরণ। এই ধর্মীয় সম্প্রীতির ধারা কোনো অবস্থাতেই ধ্বংস হতে দেওয়া যাবে না। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই জোহরান মামদানির প্রতি মুসলিম কমিউনিটির সমর্থন কমে আসছে বলেও বক্তারা মন্তব্য করেন।
গত ১৯ অক্টোবর ফ্রেশমেডো’সের গুজরাটি সমাজ হলে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন গুজরাটি কমিউনিটির নেতা অনীল ভার্সা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গভর্নর ও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো।
সভায় আরও বক্তব্য রাখেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ, কমিউনিটি বোর্ড সদস্য ফাহাদ সোলায়মান, হারিস প্যাটেল, ফয়সল আজিজ, আমজাদ হোসেন সেলিম, বিদ্যুৎ সরকার, ভবতোষ মিত্র, মো. পারভেজসহ গুজরাটি ও বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।
অ্যান্ড্রু কুয়োমো বলেন, “নিউইয়র্ক সিটি বর্তমানে জননিরাপত্তা, শিক্ষা, বাসস্থান ও মানসিক স্বাস্থ্যসহ নানা সংকটে নিমজ্জিত। আমি নির্বাচিত হলে শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করব।” তিনি প্রতিশ্রুতি দেন— পাবলিক স্কুলে মেয়রাল কন্ট্রোল পুনর্বহাল, মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড’ প্রোগ্রাম সম্প্রসারণ এবং বিশেষায়িত হাই স্কুলের সংখ্যা দ্বিগুণ করা হবে।
তিনি আরও বলেন, “শহরের অর্থনীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থিতিশীল নেতৃত্বের জন্য আমাকে সমর্থন দিন। আমি নির্বাচিত হলে সাউথ এশিয়ান কমিউনিটিসহ সকল অভিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করব। বাংলাদেশি আমেরিকানরাও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাবেন।”
ড. দিলীপ নাথ বলেন, “অ্যান্ড্রু কুয়োমো মেয়র হলে নিউইয়র্কে আমরা একটি সভ্য ও সমৃদ্ধ নগর গড়ে তুলতে পারব।”
ফাহাদ সোলায়মান বলেন, “জোহরান মামদানি চার বছর ধরে স্টেট অ্যাসেম্বলিম্যান হলেও মুসলিম পরিচয় কখনো প্রকাশ্যে তুলে ধরেননি, এখন কেবল ভোটের সময় ধর্মীয় আবেগকে পুঁজি করতে চাইছেন।”
উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে মেয়র নির্বাচন। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো, অন্যদিকে প্রগতিশীল অবস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোহরান মামদানি। অভিবাসী ও ধর্মীয় সম্প্রদায়ের ভোট এবার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।



















