Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: মা দূর্গা এলো—বিজয় কৃষ্ণ সাহা

কবিতা: মা দূর্গা এলো—বিজয় কৃষ্ণ সাহা

কবিতা: মা দূর্গা এলো—বিজয় কৃষ্ণ সাহা

মা দূর্গা এলো
বিজয় কৃষ্ণ সাহা

শরৎ মেঘের ভেলায় চড়ে মা এলেন ধরায়,
শিউলি ফুলের সুবাস ভাসে ভোরের সমীরণে।
কাশফুলেতে দোলা লাগে, ঢাক বাজছে ঘরে ঘরে,
সনাতনী মন মেতেছে আলোর মহোৎসবে।

ষষ্ঠীতে মা জাগেন দেবী, অধিবাস আর বোধনে,
আমন্ত্রণে শাঁখের ধ্বনি বাজে পাড়া মহল্লায়।
নয়ন মেলে তাকান মা গো, জাগে ভুবন-মন,
শুরু হলো পূজার ক্ষন, প্রফুল্লিত জন।

সপ্তমীতে নবপ্রতিকা প্রবেশ করে মন্ডপে,
স্নান করিয়ে আনেন তারে নদ-নদী আর ঘাটে।
প্রাণপ্রতিষ্ঠার শুভ লগ্নে পূজার সূচনা,
আঁখি ভরে রূপ দেখে মার মিটে মনের তৃষ্ণা।

অষ্টমীতে অঞ্জলি দেয় ভক্তিভরা মনে,
সন্ধিপূজার আলোর শিখায় আঁধার যায় তো সরে।
কুমারী রূপে জগজ্জননী আসেন পূজার পীঠে,
বর মাগেন ভক্ত সমাজ পুষ্পার্ঘ্যেরই সাথে।

নবমীতে আরতির ধূপ ধুনুচীর ওই নাচে,
শেষ লগ্নের আনন্দ-সুর বাজে সবার মাঝে।
বিদায় সুর তো বেজে ওঠে মনের গহীন তীরে,
তবু সবাই মাতোয়ারা মার মহামিলন মেলায়।

দশমীতে সিঁদুর খেলা, অশ্রুসজল আঁখি,
মা চলিলেন কৈলাসেতে, মর্ত‍্য ফেলে বাকি।
বিসর্জনের করুণ সুরে বাজে ঢাকের বাদ‍্য,
আসছে বছর আবার এসো-এই তো মোদের আশা।
শুভ বিজয়ার কোলাকুলি, মিষ্টিমুখের দিন,
মায়ের আশীষ রইবে সাথে, ঘুচবে মনের ঋন।