Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: তুমি—হুমায়ূন কবীর ঢালী

কবিতা: তুমি—হুমায়ূন কবীর ঢালী

কবিতা: তুমি—হুমায়ূন কবীর ঢালী

তুমি
হুমায়ূন কবীর ঢালী

তুমি প্রিয় ফুলকলি, ভোরের শিশিরে হাসো,
তুমি বুকভরা স্বপ্ন, প্রেমে বুক ভরে চাষো।
তুমি এগিয়ে যাওয়া, বাধা ভাঙা এক পথ,
তুমি পূর্ণিমাস্নাত জোছনায় মোড়া রথ।

তুমি ফসলের মাঠ, সোনালী ধানের হাসি,
তুমি নদীর জোয়ার, কূল ভাঙা সেই বাঁশি।
তুমি নীল সীমানায় অবারিত নীলাকাশ,
তুমি তপ্ত খরায় স্নিগ্ধ শীতল শ্বাস।

তুমি পাহাড়ের মৌনতা, শিখরের দৃঢ়তা,
তুমি ক্লান্ত পথিকের পরম নীরবতা।
তুমি ঝড়ে সাহসের জ্বেলে রাখা বাতিঘর,
তুমি আপন করে নাও যারা চিরকাল পর।

তুমি বৃষ্টির নূপুর, মাটির ঐ স্নিগ্ধ ঘ্রাণ,
তুমি বিষণ্ণ মনে গেয়ে ওঠা এক গান।
তুমি শরতের মেঘ, কাশফুল শুভ্র বন,
তুমি অবুঝ শিশুর নির্মল এক মন।

তুমি সত্য ইতিহাস, বীরত্বের আখ্যান,
তুমি মানবজমিনে মুক্তির জয়গান।
তুমি বনছায়া ঘেরা সবুজের সমারোহ,
তুমি বিকেলের রোদে মায়াভরা এক মোহ।

তুমি ধ্রুবতারা হয়ে পথ দেখাও আঁধারে,
তুমি বিজয়ের সুর শাণিত তলোয়ারে।
তুমি আগামীর আশা, নতুনের স্পন্দন,
তুমি চির অম্লান, মায়াবী এ বন্ধন।

তুমি শেষ থেকে শুরু মায়াবী প্রাণের রেশ,
তুমি ভালোবাসাময় সুন্দর এক দেশ।
তুমি শুরু আর শেষ, তুমি মোর পূর্ণতা,
তুমি প্রাণে বেঁচে থাকা গভীর নীরবতা।