জ্যাকসন হাইটসে বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডলের ওপর প্রকাশ্য সড়কে হামলা, হাসপাতালে চিকিৎসাধীন
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সবার পরিচিত ও প্রিয় বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডলের ওপর প্রকাশ্য সড়কে আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। গত ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার দুপুরে ৭১ স্ট্রিট ও ৩৫ অ্যাভিনিউ এলাকায় একটি রিহ্যাব সেন্টারের কাছে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ঘাড়, বুক, গলা ও মুখে আঘাত পেয়ে তিনি বর্তমানে এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জ্যাকসন হাইটস থেকে নর্দার্ন বুলেভার্ডে নিজ বাসার উদ্দেশে যাওয়ার সময় হঠাৎ এক ব্যক্তি ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা চালায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলাকারী তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এতে তিনি গুরুতরভাবে আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হামলার পর ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় কয়েকজন তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে হামলার পেছনে কী কারণ ছিল, হামলাকারীর উদ্দেশ্য কী এবং তার বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে—তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি পুলিশি তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হামলার পর আহত বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বড় ছেলে মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাবার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডলকে দেখতে যান সাপ্তাহিক জেনারেশনের সম্পাদক ও সাংবাদিক শাহ্ জে চৌধুরী। তিনি জানান, ওয়াহেদ আলী মন্ডলের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো। তবে আকস্মিক হামলার ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং প্রচণ্ড ভয় পেয়েছেন।
একজন বীর মুক্তিযোদ্ধার ওপর দিনের বেলায় প্রকাশ্য সড়কে এমন হামলার ঘটনায় জ্যাকসন হাইটসের বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ, ক্ষোভ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডলের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠনের সভাপতি সাকিল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমী, সাপ্তাহিক জেনারেশনের সম্পাদক ও কলামিস্ট শাহ্ জে চৌধুরী, শাহ্ গ্রুপের কো-ফাউন্ডার হুসনেআরা চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও কমিউনিটি নেতা মো. আমিনুল ইসলাম, বিশিষ্ট লেখক হুমায়ূন কবীর ঢালী, কমিউনিটির লিডার দুলাল মিয়া , কমিউনিটি লিডার মো. সাখাওয়াত বিশ্বাস, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনকের সভাপতি বিপ্লব সাহা, সাধারণ সম্পাদক গাজী সোহেল, প্রজ্ঞা নিউজের সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, প্রজ্ঞা ফাউন্ডেশনের পরিচালক ও রিয়েলটর মুনমুন সাহাসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কমিউনিটির পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াহেদ আলী মন্ডলের মতো একজন বীর মুক্তিযোদ্ধার ওপর প্রকাশ্য স্থানে হামলার ঘটনা কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। নিউইয়র্কের মতো ব্যস্ত নগরীতে জননিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
প্রজ্ঞা নিউজের পক্ষ থেকেও বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডলের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করা হচ্ছে।
সূত্র: রূপসী বাংলা ।



















