হাসানুল হক ইনুর রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবি; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের তীব্র নিন্দা সাম্যবাদী দলের
প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক | হাকিকুল ইসলাম খোকন:
বাংলাদেশের সাম্যবাদী দল (এম–এল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘোষিত ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। একই সঙ্গে দলটি রায় প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।
গত ২২ জুলাই ২০২৬ দলের কেন্দ্রীয় পলিটব্যুরোর এক বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী সংগ্রামের অগ্রসৈনিক হাসানুল হক ইনুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে বিচারের নামে প্রহসন সাজানো হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তিকে দমনের এ ধরনের পদক্ষেপ সাম্প্রদায়িক ও স্বাধীনতাবিরোধী শক্তিকে আরও শক্তিশালী করবে। এতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে এবং মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠী রাজনৈতিকভাবে লাভবান হবে বলেও দলটির দাবি।
সাম্যবাদী দল (এম–এল) অবিলম্বে এই রায় প্রত্যাহার করে মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়।
এদিকে, জেএসএফ–বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন পৃথকভাবে ওই বিবৃতির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তারা এক বিবৃতিতে এই বিচারকে প্রহসন আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানান এবং রাজনৈতিক মামলায় আটক সব রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তির আহ্বান জানান।



















