২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বলের দৌড়ে এগিয়ে কে? প্রকাশিত নতুন র্যাঙ্কিং!
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছে টুর্নামেন্টের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার গোল্ডেন বল জয়ের লড়াই। এখন পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে প্রকাশিত সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার পরেই রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং মাইকেল ওলিসে।
গোল ডটকম প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে টুর্নামেন্টজুড়ে ফুটবলারদের সামগ্রিক পারফরম্যান্স, নেতৃত্ব এবং ম্যাচে প্রভাবের ভিত্তিতে সম্ভাব্য গোল্ডেন বল বিজয়ীদের মূল্যায়ন করা হয়েছে। উল্লেখ্য, গোল্ডেন বল সর্বোচ্চ গোলদাতাকে নয়, বরং পুরো বিশ্বকাপে সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়কে দেওয়া হয়।
৩৯ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে অভিযান শুরু করার পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন তিনি। টুর্নামেন্টে আর্জেন্টিনার এখন পর্যন্ত করা পাঁচটি গোলই এসেছে তার পা থেকে। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এককভাবে নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর ফলে তৃতীয়বারের মতো গোল্ডেন বল জয়ের পথে সবচেয়ে এগিয়ে আছেন তিনি।
দ্বিতীয় স্থানে থাকা এমবাপে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়েছেন। পরে ইরাকের বিপক্ষেও দুটি গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা মাইকেল ওলিসে গোল করার চেয়ে সতীর্থদের দিয়ে গোল করাতে বেশি ভূমিকা রাখছেন। সেনেগাল ও ইরাক—দুই ম্যাচেই একাধিক অ্যাসিস্ট করে ফ্রান্সের আক্রমণের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন তিনি।
র্যাঙ্কিংয়ের পরের অবস্থানগুলোতে রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, জার্মানির ডেনিজ উনদাভ, ইংল্যান্ডের হ্যারি কেইন, সুইডেনের আলেক্সান্ডার ইসাক, স্পেনের মিকেল ওইয়ারজাবাল এবং নেদারল্যান্ডসের কোডি গাকপো।
এছাড়া ব্যালন ডি'অরজয়ী উসমান দেম্বেলে, স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রাজিলের রাফিনহাসহ আরও কয়েকজন তারকাও গোল্ডেন বলের আলোচনায় রয়েছেন। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হওয়ায় এবারের বিশ্বকাপে নতুন নতুন তারকার উত্থানের সুযোগও বেশি। তাই নকআউট পর্বে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে অন্য কোনো ফুটবলারও শেষ পর্যন্ত গোল্ডেন বলের দৌড়ে বড় চমক দেখাতে পারেন। সূত্র: জাগো নিউজ, গোল ডটকম
গোল্ডেন বল পাওয়ার র্যাঙ্কিং (শীর্ষ ১০):
১. লিওনেল মেসি (আর্জেন্টিনা)
২. কিলিয়ান এমবাপে (ফ্রান্স)
৩. মাইকেল ওলিসে (ফ্রান্স)
৪. আর্লিং হালান্ড (নরওয়ে)
৫. ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)
৬. ডেনিজ উনদাভ (জার্মানি)
৭. হ্যারি কেইন (ইংল্যান্ড)
৮. আলেক্সান্ডার ইসাক (সুইডেন)
৯. মিকেল ওইয়ারজাবাল (স্পেন)
১০. কোডি গাকপো (নেদারল্যান্ডস)



















