Logo

অপরাধ    >>   বাংলাদেশে বাবার সামনে থেকে স্কুলছাত্রীকে অপহরণ: মূল হোতাকে গ্রেপ্তার

বাংলাদেশে বাবার সামনে থেকে স্কুলছাত্রীকে অপহরণ: মূল হোতাকে গ্রেপ্তার

বাংলাদেশে বাবার সামনে থেকে স্কুলছাত্রীকে অপহরণ: মূল হোতাকে গ্রেপ্তার

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশে রাজধানী ঢাকার উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের ৯ দিন পর মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ওই শিক্ষার্থীকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে লামীন ইসলাম (১৯) নামের ওই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী উত্তরা গার্লস স্কুলের ছাত্রী। মামলার এজাহারে তার বাবা উল্লেখ করেন, গত ২২ এপ্রিল দুপুর আড়াইটার দিকে পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে তিনি বাসায় ফিরছিলেন। পথে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের কাছে পৌঁছালে লামীন ইসলামসহ অজ্ঞাত ৬-৭ জন যুবক জোরপূর্বক তার মেয়েকে একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশি তৎপরতা বাড়ে এবং শুক্রবার দুপুর দেড়টার দিকে গাজীপুরের পূবাইলের কালু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি লামীনকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশের একটি দল।

পরে লামীনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এই অপহরণ চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র: মানবকণ্ঠ