শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে দেশে ফিরবে বাংলাদেশ আওয়ামী লীগ: আসাদুজ্জামান খান কামাল
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়িয়ে দেশে ফিরবে।
গত ২৬ এপ্রিল ২০২৬ রবিবার “স্মরণে ৭১—হৃদয়ে বাংলাদেশ” শীর্ষক একটি টেলিগ্রাম গ্রুপের ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় অর্ধশতাধিক সাংবাদিক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেন।
বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সত্য কথা বললেই সাংবাদিকদের চাকরি হারাতে হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছিল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগকে কেউ দয়া করে অধিকার দেবে না—আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে হবে। কেন্দ্রীয় নেতাদের ভূমিকা প্রসঙ্গে তিনি স্বীকার করেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থতা ছিল; তবে অচিরেই শেখ হাসিনার নেতৃত্বে দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দেশের মানুষের দুর্ভোগ যেভাবে বাড়ছে, তাতে সাধারণ জনগণই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে। যারা দেশে থেকে ঝুঁকি নিয়ে দলের পক্ষে কাজ করছেন, ভবিষ্যতে নেতৃত্ব তাদের হাতেই তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমকে আরও শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন সাবেক এই মন্ত্রী। অতীতের কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, শেখ হাসিনা কখনও ভুল সিদ্ধান্ত নেননি; তিনি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং সঞ্চালনা করেন সাংবাদিক শফিক বাবু। এতে আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
আলোচনার শুরুতে বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সূত্র: হাকিকুল ইসলাম খোকন।



















