Logo

আন্তর্জাতিক    >>   বিএনপির নারী আসনের তালিকায় বেবী নাজনীন বাদ — প্রবাসী রাজনীতিতে আলোড়ন, নিউইয়র্কে নেতাকর্মীদের হতাশা

বিএনপির নারী আসনের তালিকায় বেবী নাজনীন বাদ — প্রবাসী রাজনীতিতে আলোড়ন, নিউইয়র্কে নেতাকর্মীদের হতাশা

বিএনপির নারী আসনের তালিকায় বেবী নাজনীন বাদ — প্রবাসী রাজনীতিতে আলোড়ন, নিউইয়র্কে নেতাকর্মীদের হতাশা

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ঘোষিত বিএনপির চূড়ান্ত তালিকায় স্থান পাননি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্নেহধন্য, নিউইয়র্কপ্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীন। মনোনয়ন প্রত্যাশীদের আলোচনায় তার নাম শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত তালিকায় না থাকায় প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক হতাশা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


বিশেষ করে নিউইয়র্কে দলীয় রাজনীতিতে সক্রিয় নেতাকর্মীরা এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে দেশে ও প্রবাসে সক্রিয় থাকা এবং সাংস্কৃতিক অঙ্গনে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বেবী নাজনীনের মতো একজন পরিচিত মুখের বাদ পড়া প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের প্রতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।


দলীয় সূত্রে জানা গেছে, রোববার (১৯ এপ্রিল) রাতে অনুষ্ঠিত নীতিনির্ধারণী বৈঠকে ত্যাগী, যোগ্য ও মাঠপর্যায়ে পরীক্ষিত নারী নেত্রীদের অগ্রাধিকার দিয়ে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়, যেখানে প্রার্থীরা আন্দোলন-সংগ্রামে নিজেদের অবদানের কথা তুলে ধরেন এবং দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করেন।


সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। তালিকায় স্থান পাওয়া নেত্রীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হুসাইন ও সুরাইয়া জেরিনসহ আরও অনেকে।


রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক জগতেও সুপরিচিত বেবী নাজনীনকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবদ্দশায় নিজের মেয়ের মতো স্নেহ করতেন এবং বিভিন্ন স্থানে সেই পরিচয়েই তুলে ধরতেন। ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত এই শিল্পী অল্প বয়সে ঢাকায় এসে সংগীত জগতে নিজের অবস্থান গড়ে তোলেন, আর সেই পথচলায় জিয়াউর রহমানের অনুপ্রেরণা ছিল গুরুত্বপূর্ণ।
তার মনোনয়ন না পাওয়া শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়—এটি প্রবাসী রাজনীতিতে একটি আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে, যা বিএনপির ভেতরে ও বাইরে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।