কবিতা: একাকীত্ব— মূল ভাব : লুইস বিস্তা (সিকিমের কবি) বাংলা রূপান্তর : হুমায়ূন কবীর ঢালী
একাকীত্ব
মূল ভাব : লুইস বিস্তা (সিকিমের কবি)
বাংলা রূপান্তর : হুমায়ূন কবীর ঢালী
আমাকে আলাদা করে পড়তে হয়নি কিছু,
মস্তক হতে পা অবধি আমার সম্মান ধুলোয় মিশেছে—
কেবল নিয়তির ছিটানো লবণের তীব্র আঘাতে।
স্বার্থপর সব অভিপ্রায় বিলীন হয়ে যাক,
ভুলের মাসুল দিতে গিয়ে—
মাথায় থাকা পাগড়ি আজ দুর্গন্ধযুক্ত নর্দমায় পড়ে গেছে ।
কোথায় হারালো সেই প্রিয় লাবণ্য আর ছন্দ?
বিপদে যখন লড়ছি একাকী,
পাশে এসে দাঁড়াবার মতো কাউকেই খুঁজে পাওয়া যায় না।
এই একাকীত্ব চিরস্থায়ী নয়, সময়কে চিনতে শেখো—
ঝড় যখনই আসে,
সে কোনো আগাম বার্তা দিয়ে আসে না।
কখনো তপ্ত রোদ, কখনো অঝোর বৃষ্টি—এই তো জীবন।
তাই প্রতিটি কদম ফেলার আগে,
গভীরভাবে ভেবেচিন্তে পা রাখা উচিত।



















