Logo

রাজনীতি    >>   আওয়ামী লীগ নিঃশেষ হওয়ার নয়, শেখ হাসিনার নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে দল — খালিদ মাহমুদ চৌধুরী

আওয়ামী লীগ নিঃশেষ হওয়ার নয়, শেখ হাসিনার নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে দল — খালিদ মাহমুদ চৌধুরী

আওয়ামী লীগ নিঃশেষ হওয়ার নয়, শেখ হাসিনার নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে দল — খালিদ মাহমুদ চৌধুরী

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কখনো নিঃশেষ হয়ে যাওয়ার মতো রাজনৈতিক দল নয়। অতীতেও বহুবার দলটিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে।
গত ৮ মার্চ ২০২৬ রবিবার “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” গ্রুপের উদ্যোগে দেশ-বিদেশের প্রায় অর্ধশতাধিক সাংবাদিকের সঙ্গে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অতীতে আওয়ামী লীগের অনেক ভুল ছিল এবং এখন দল সেই ভুলগুলো উপলব্ধি করছে। ভবিষ্যতে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে একটি পরিশুদ্ধ, শক্তিশালী ও জনবান্ধব আওয়ামী লীগ গড়ে তোলাই এখন প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, দলের কঠিন সময়ে আমরা অনেক সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সঠিক ব্যাখ্যা দিতে পারিনি। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের রাজনৈতিক উইংও অনেক ক্ষেত্রে ব্যর্থ ছিল। তবে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই নতুনভাবে সংগঠিত হওয়ার সময় এসেছে।
শেখ হাসিনার নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশপ্রেম ও মানবপ্রেমে শেখ হাসিনার মতো নেতৃত্ব পৃথিবীতে খুব কমই আছে। ৫ আগস্ট তিনি প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়ে ভারতে গেছেন এবং সৌভাগ্যবশত তিনি আজও আমাদের মাঝে আছেন।
আওয়ামী লীগের রাজনীতিতে পুনরায় শক্তভাবে ফিরে আসার বিষয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, লড়াই করেই আওয়ামী লীগকে আবার রাজনীতির ময়দানে ফিরতে হবে।
দলের অতীত সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের।” এই দুঃখকে আলিঙ্গন করেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের সংগ্রাম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট দস্তগীর জাহাঙ্গীর এবং বিটিভির সাবেক উপ-মহাপরিচালক ও চলচ্চিত্র নির্মাতা বাহার উদ্দিন খেলন।
দস্তগীর জাহাঙ্গীর বলেন, বাংলাদেশের রাজনৈতিক চেতনায় ১৯৭১ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শ। সাংবাদিকরা অবশ্যই নিরপেক্ষ নয়—মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকরা বাংলাদেশকে সমর্থন করেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন।
চলচ্চিত্র নির্মাতা বাহার উদ্দিন খেলন বলেন, অতীতে আমাদের অনেক ভুল ছিল—এটি সত্য। তবে সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, সেই লক্ষ্য নিয়েই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে বীরদর্পে ফিরে আসবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও লেখক মানিক লাল ঘোষের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক শফিক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনায় আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, আইবিএননিউজ২৪.কম-এর প্রধান সম্পাদক ও সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র সাংবাদিক সোমা ইসলাম, সাজেদা পারভীন সাজু, আশরাফুল ইসলাম, আহমেদ রাসেল, খোন্দকার তারেক রায়হান, জুনায়েদ শাহরিয়ার, সাজ্জাদ হেসেন, এইচ এম দুলাল হোসেন, মাজেদুল ইসলাম, ফারুক হোসেন ও ওয়ারেশনবী খোন্দকার প্রমুখ।
আলোচনা সভার শুরুতে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২ ও ৬৪ সালের শিক্ষা আন্দোলন, ৬ দফা ও ১১ দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ড, ৩ নভেম্বর জাতীয় চার নেতার হত্যা এবং ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলাসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে সম্ভ্রমহারা দুই লক্ষাধিক মা-বোনের প্রতিও গভীর শ্রদ্ধা জানানো হয়। সূত্র: হাকিকুল ইসলাম খোকন