সাংবাদিকদের সাহসী লড়াই জাতির কল্যাণের শক্তি দেবে – আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম: ভার্চুয়াল মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম বলেছেন, সাংবাদিকদের সাহসী লড়াই জাতির কল্যাণে শক্তি যোগ করবে এবং বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এই মন্তব্য করেন গত শনিবার, ৭ মার্চ ২০২৬, দেশ-বিদেশে অবস্থানরত অর্ধশতাধিক সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
বাহাউদ্দীন নাসিম বলেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র যেন সফল না হয় সেজন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। সকল অপচেষ্টাকে রুখে দিয়ে আওয়ামী লীগ শীঘ্রই জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনীতিতে ফিরে আসবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আলো জ্বালিয়ে আছেন, আর এই আলোর বর্তিকা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাব।”
তিনি আরও উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারির অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পর দলের যাদের মূল্যায়ন করা উচিত ছিল, সঠিকভাবে করা সম্ভব হয়নি। আগামীতে সুযোগ পেলে তাদের মূল্যায়ন করা হবে। চাকরিচ্যুত, নির্যাতন ও জেল-জুলুমের শিকার সাংবাদিকদেরও সুযোগ পেলে যথাযথভাবে সম্মান দেওয়া হবে।
বাহাউদ্দীন নাসিম বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে বলেন, “নীলনকশার শক্তির কাছে দেশ ও আওয়ামী লীগকে কখনো হেরে যেতে দেব না। বর্তমান সরকারের সময়ে করা সকল অবৈধ চুক্তি জনগণের মতের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। শেখ হাসিনার নেতৃত্বে আমরা গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে আবারো শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াব।”
সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের নীতির বিরুদ্ধে অপচেষ্টা চালানো কিছু অসাধু চক্র থেকে সাবধান থাকতে হবে। অবৈধ আইসিটি আদালতের রায় বাতিল ও সকল মিথ্যা মামলার প্রত্যাহারসহ রাজবন্দিদের মুক্তি নিশ্চিত করতে হবে।
ভার্চুয়াল সভায় শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আওয়ামী লীগের শাসনামলে নেতাকর্মীদের মূল্যায়ন যথাযথ হয়নি। ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে দলকে আরও সুসংগঠিত ও যুগোপযোগী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ২৪ বছরের সংগ্রামে আমরা স্বাধীনতা অর্জন করি, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের শিখরে পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, তথাকথিত জুলাই আন্দোলনের নামে অবৈধ ইউনুস ক্ষমতা দখল করে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
সভায় উপস্থিত অন্যান্য সাংবাদিকদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র সাংবাদিক সোমা ইসলাম, সাজেদা পারভীন সাজু, মানিক লাল ঘোষ, আহমেদ রাসেল, সেলিনা আকতার জোছনা, খোন্দকার তারেক রায়হান, সাজ্জাদ হোসেন বাবু, কাজী বাবলু, এইচ এম দুলাল হোসেনসহ আরও অনেকে।
আলোচনা সভার শুরুতে সভা প্রায় ১ মিনিটের নীরবতা পালন করে মহান ভাষা আন্দোলন, ৬২-৬৪ এর শিক্ষার্থী আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ আগস্ট ১৯৭৫, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের হত্যাকাণ্ড ও সকল স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং আত্মত্যাগী মা-বোনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সাংবাদিকরা সভায় একমত পোষণ করেন যে, সত্য ও ন্যায়ের জন্য ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা এখন সময়ের দাবি। সূত্র: হাকিকুল ইসলাম খোকন।


















