সুফিয়ান আহমদ চৌধুরীর দুটি ছড়া
সুফিয়ান আহমদ চৌধুরীর দুটি ছড়া
ভাষার মাসে ভাষার গানে
কিচির মিচির ডাকছে পাখি
মধুর সুরে সুরে,
শিশির কণা ইলিক ঝিলিক
মনটা সুখে জুড়ে।
দীঘির জলে শাপলা শালুক
রঙিন ছবি আঁকে,
রবির আলো ছড়িয়ে আলো
বাঁশ ঝাড়ের ফাঁকে।
মায়ের মায়া খুঁজছে খোকা
আদরে বুকে রয়,
আপন ভাষা মুখে যে ফুটে
হারায় দু:খ ভয়।
ভাষার মাসে ভাষার গানে
মনটা টানে খুব,
শিমুল-পলাশ ছড়ায় রঙ
ভাবনা মনে ডুব।
পাপড়ি হাসে শিশির ভেজা
ফুল বাগানে হাসে,
ফাগুন দিনে ভায়ের ছবি
সবার চোখে ভাসে।
রক্ত জবার রঙের মেলা
ওই ফাগুন দিনে,
ভাষার রক্তে ভাষার জয়
বিশ্বটা জুড়ে চিনে।
গর্বে মনটা
আমার ভাষা মায়ের ভাষা
মুখের ভাষা মুখে,
বাংলা ভাষার জয়ের হর্ষে
জুড়ায় মনটা সুখে।
মিছিল নামে ভাষার মিছিল
শহীদ বেদী সাজে,
ভাষার গান কন্ঠে কেমন
মিষ্টি মধুর বাজে।
ফুলের মেলা শহীদ মিনার
কোকিল গাছে ডাকে,
ফাগুন দিনে আগুন দিনে
খোকন ছবি আঁকে।
সবুজ শোভা রূপটা কত
দেয় তো মনে দোলা,
আমার ভাষা মায়ের ভাষা
যায় না ভাষা ভোলা।
বর্ণমালা রঙিন সাজে
ভাষার জয় জয়,
ভাষার জয় বিশ্বটা জুড়ে
গর্বে মনটা রয়।


















