তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে বলে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তার দাবি, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা কারচুপির মাধ্যমে জয়ী হয়েছিল। সেই নির্বাচনে তিনি প্রতারিত হয়েছেন বলে দাবি করে ট্রাম্প বলেছেন, আবারও নির্বাচনে দাঁড়ানোর অধিকার তার রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আইওয়া অঙ্গরাজ্যের সিউক্স সিটিতে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না।
সমাবেশে ট্রাম্প স্বীকার করেন, আইন অনুযায়ী তার তৃতীয়বার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না-ও থাকতে পারে। এরপর ২০২০ সালের নির্বাচন নিয়ে নিজের পুরোনো অভিযোগ তুলে ধরে তিনি বলেন, দ্বিতীয়বারের নির্বাচনে তারা প্রতারিত হয়েছেন। তার দাবি, তিনি তিনবার নির্বাচনে জিতেছেন।
হাসতে হাসতে ট্রাম্প বলেন, “তাই আমার মনে হয়, আবার নির্বাচনে দাঁড়ানোর অধিকার আমার আছে।” তার এ মন্তব্যে সমাবেশে উপস্থিত সমর্থকেরা করতালি দেন।
তৃতীয় মেয়াদ নিয়ে আগেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা ট্রাম্প এর আগেও একাধিকবার প্রকাশ করেছেন। ২০২৫ সালের অক্টোবরে সাংবাদিকদের তিনি বলেছিলেন, তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নিতে পারলে তিনি খুশি হতেন। একই বছরের ফেব্রুয়ারিতে টেক্সাসের এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে তিনি বলেছিলেন, “হয়তো আমাদের আরও একটি মেয়াদ নেওয়া উচিত।” সে সময়ও তিনি তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর অধিকার থাকার দাবি করেছিলেন।
ট্রাম্পের ব্যবসাপ্রতিষ্ঠানের অনলাইন স্টোরে গত বছর ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপিও বিক্রি শুরু হয়। ২০২৫ সালের জুলাইয়ে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেও তাকে এ ধরনের টুপি পরতে দেখা যায়। এসব ঘটনা তার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক আলোচনাকে আরও জোরালো করেছে।
সংবিধানে কী বলা আছে?
যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী ১৯৫১ সালে অনুমোদিত হয়। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। ফলে ট্রাম্পের তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে বড় ধরনের সাংবিধানিক বাধা রয়েছে।
বৃহস্পতিবারের সমাবেশে ট্রাম্পও স্বীকার করেন, সংবিধানের সংশ্লিষ্ট বিধানটি বেশ স্পষ্ট এবং সেখানে ব্যাখ্যার সুযোগ খুব বেশি নেই। তিনি জানান, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন।
এদিকে, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন আগেই বলেছেন, তৃতীয় মেয়াদ নিয়ে ট্রাম্পের মন্তব্য মূলত ডেমোক্র্যাটদের উত্যক্ত করার কৌশল। সংবিধান সংশোধন করে ট্রাম্পকে আবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার বাস্তবসম্মত পথও তিনি দেখেন না বলে মন্তব্য করেছিলেন জনসন। সূত্র: দ্য গার্ডিয়ান, জাগোনিউজ



















