Logo

সাহিত্য সংস্কৃতি    >>   নিউইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ সেরা গীতিকারের সম্মাননা পেলেন হুমায়ূন কবীর ঢালী: শিশুসাহিত্যে অনন্য অবদানের পর এবার গীতিকার হিসেবেও আন্তর্জাতিক স্বীকৃতি, শতাধিক গ্রন্থের রচয়িতার সাফল্যের মুকুটে নতুন পালক

নিউইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ সেরা গীতিকারের সম্মাননা পেলেন হুমায়ূন কবীর ঢালী: শিশুসাহিত্যে অনন্য অবদানের পর এবার গীতিকার হিসেবেও আন্তর্জাতিক স্বীকৃতি, শতাধিক গ্রন্থের রচয়িতার সাফল্যের মুকুটে নতুন পালক

নিউইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ সেরা গীতিকারের সম্মাননা পেলেন হুমায়ূন কবীর ঢালী: শিশুসাহিত্যে অনন্য অবদানের পর এবার গীতিকার হিসেবেও আন্তর্জাতিক স্বীকৃতি, শতাধিক গ্রন্থের রচয়িতার সাফল্যের মুকুটে নতুন পালক

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলা শিশুসাহিত্যে দীর্ঘদিনের সৃজনশীল অবদানের স্বীকৃতির পাশাপাশি এবার গীতিকার হিসেবেও নতুন সাফল্য অর্জন করলেন বাংলাদেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক, কবি ও লেখক হুমায়ূন কবীর ঢালী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ তিনি পেয়েছেন সেরা গীতিকারের সম্মাননা। সাহিত্যাঙ্গনে সুপরিচিত এই লেখকের জন্য বিনোদনজগতের কোনো আয়োজনে এটিই প্রথম পুরস্কারপ্রাপ্তি। তাঁর বহুমাত্রিক সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে এই অর্জন নতুন মাত্রা যোগ করেছে তাঁর দীর্ঘ সাহিত্যজীবনে।

সম্প্রতি হুমায়ূন কবীর ঢালীর লেখা বেশ কয়েকটি গান বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাঙালিদের মধ্যে প্রশংসিত হয়েছে। বিশেষ করে ‘বাংলাদেশ ডে প্যারেড’, ‘ফোবানা কনভেনশন’ এবং ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এর আনুষ্ঠানিক থিম সং তাঁর গীতিকার পরিচিতিকে আরও বিস্তৃত করেছে। এসব গানের জনপ্রিয়তা ও শ্রোতাদের ইতিবাচক সাড়া তাঁর এই সম্মাননা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শিশুসাহিত্যিক হিসেবে বিশেষ পরিচিতি থাকলেও হুমায়ূন কবীর ঢালীর সাহিত্যজীবনের সূচনা হয়েছিল প্রেমের উপন্যাস দিয়ে। তাঁর প্রথম প্রকাশিত প্রেমের উপন্যাস ‘মন শুধু মন ছুঁয়েছে’ প্রকাশের পর পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পাঠকের আগ্রহে পরপর আট-নয়টি প্রেমের উপন্যাস রচনার পর তিনি শিশু-কিশোরদের জন্য সাহিত্য সৃষ্টিতে মনোনিবেশ করেন। ১৯৯৪ সালে বিশ্বসাহিত্য ভবন থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম শিশু-কিশোর উপন্যাস ‘দুষ্টু ছেলের গল্প’। এরপর শিশু-কিশোর সাহিত্যেই তিনি গড়ে তোলেন নিজের স্বতন্ত্র অবস্থান।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘লজিংবাড়ি’, ‘নীল গ্রহের রহস্য’, ‘কালোমূর্তির রহস্য’, ‘চিলে পাখির জন্মদিনে’, ‘ক্লাসমেট’, ‘পরিকন্যা’, ‘কাটুস কুটুস’ সিরিজ, ‘কাকছানার বন্ধু মুরগিছানা’ এবং ‘শহর দেখতে গিয়ে’। শিশু-কিশোরদের কল্পনাশক্তি, আনন্দ, অনুসন্ধিৎসা ও মনন বিকাশে তাঁর এসব রচনা পাঠকদের কাছে সমাদৃত হয়েছে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক।

বাংলা সাহিত্যের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও পৌঁছেছে তাঁর সৃষ্টিকর্ম। তাঁর লেখা বই অসমীয়া, ওড়িয়া, হিন্দি, স্প্যানিশ, নেপালি ও চীনা ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে। এমনকি ইউরোপের দেশ গ্রিসের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যতালিকায়ও তাঁর লেখা বই স্থান পেয়েছে এবং শিক্ষার্থীদের পড়ানো হয়। একজন বাংলাদেশি শিশুসাহিত্যিকের রচনা বিভিন্ন ভাষা ও দেশের পাঠকের কাছে পৌঁছে যাওয়া তাঁর সাহিত্যকর্মের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার পরিচায়ক।

‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ সেরা গীতিকারের সম্মাননা পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হুমায়ূন কবীর ঢালী বলেন, যে-কোনো সম্মাননা ও পুরস্কার মনের মধ্যে তৃপ্তি এনে দেয় এবং দায়িত্ববোধকে আরও শাণিত ও গতিশীল করে। এটি লেখককে আরও ভালো লেখার অনুপ্রেরণা জোগায়। শখের বশে গান লেখা শুরু করলেও আন্তর্জাতিক এই স্বীকৃতি পাওয়ার পর গীতিকার হিসেবে তাঁর কাজ এখন আরও গভীর দায়িত্ববোধের জায়গায় পৌঁছে গেছে।

সাহিত্য রচনার পাশাপাশি প্রকাশনা ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় হুমায়ূন কবীর ঢালী। তিনি পরিচালনা করছেন প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্বয় প্রকাশ’। একই সঙ্গে আন্তর্জাতিক দ্বিভাষিক পরিবেশবিষয়ক কাব্যসংকলন ‘পৃথিবীর জন্য কবিতা’ সম্পাদনার কাজেও যুক্ত রয়েছেন। সাহিত্যকে সমাজসচেতনতা ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও তাঁর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।

নিজ গ্রাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিকিরচরে তিনি প্রতিষ্ঠা করেছেন গ্রামীণ গ্রন্থাগার ‘আমাদের পাঠাগার’। নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এই উদ্যোগ তাঁর সামাজিক দায়বদ্ধতারই প্রতিফলন। পাশাপাশি তিনি বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন।

শিশু-কিশোরদের জন্য সাহিত্য রচনা, আন্তর্জাতিক ভাষায় বই প্রকাশ, প্রকাশনা কার্যক্রম, পরিবেশবিষয়ক সাহিত্যচর্চা এবং গ্রামীণ পাঠাগার প্রতিষ্ঠার মতো বহুমুখী উদ্যোগের মধ্য দিয়ে হুমায়ূন কবীর ঢালী দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্য ও সমাজে অবদান রেখে চলেছেন। এবার নিউইয়র্কের ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ সেরা গীতিকারের সম্মাননা তাঁর সৃজনশীল পরিচয়ের নতুন দিগন্ত উন্মোচন করল। শিশুসাহিত্যের পরিচিত পরিসর ছাড়িয়ে গানের জগতে তাঁর এই স্বীকৃতি প্রমাণ করে, নিষ্ঠা, সৃজনশীলতা ও নিরন্তর চর্চার মধ্য দিয়ে একজন লেখক নিজেকে নানা শিল্পমাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারেন।