নিউইয়র্কে জন্মাষ্টমী প্যারেডে সম্প্রীতি ও মানবতার বার্তা
প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক:
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে নিউইয়র্কের কুইন্সে বর্ণাঢ্য জন্মাষ্টমী প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গত ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার হিলসাইড এভিনিউতে আয়োজিত এই প্যারেডে সনাতনী সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আবেগের পাশাপাশি শান্তি, মানবতা, সম্প্রীতি, ন্যায় ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ছিল এবারের আয়োজনের অন্যতম প্রধান বার্তা।
বিকেলে ১৭৫ স্ট্রিটের পার্ক থেকে শুরু হয়ে পুলিশি নিরাপত্তায় প্যারেডটি হিলসাইড এভিনিউ ধরে ১৫৩ স্ট্রিট পর্যন্ত পরিভ্রমণ করে। ঢাক-ঢোল, কীর্তন, ধর্মীয় সংগীত ও শ্রীকৃষ্ণের জয়গানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ প্রবাসী সনাতনী সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্যারেডটি নিউইয়র্কের বহুজাতিক সমাজে ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের এক উজ্জ্বল প্রকাশ হয়ে ওঠে।
জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে অত্যাচারী রাজা কংসের কারাগারে দেবকী ও বাসুদেবের সন্তান হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। অধর্ম ও অন্যায়ের বিরুদ্ধে ধর্ম, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রতীক হিসেবে শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন যুগের পর যুগ মানুষকে অনুপ্রাণিত করে আসছে। ভগবদ্গীতায় তাঁর কর্ম, কর্তব্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা আজও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।
নিউইয়র্কের এবারের আয়োজনেও সেই দর্শনের প্রতিফলন দেখা যায়। আয়োজক ও বক্তারা শান্তি, মানবিক মর্যাদা, ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধা এবং বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান।
ধর্মীয় উৎসবকে সামাজিক দায়িত্বের সঙ্গে যুক্ত করে প্যারেডের আগে ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচির আওতায় শতাধিক শিশু-শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের এ উদ্যোগ উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে। শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে সহযোগিতার এই কর্মসূচি জন্মাষ্টমীর মানবিক দর্শনকে আরও অর্থবহ করে তোলে।
প্যারেডের শুরুতে কেক কেটে শ্রীকৃষ্ণের জন্মদিনের শুভেচ্ছা জানান কংগ্রেসওম্যান গ্রেস মেঙ, নিউইয়র্ক সিটি কম্পট্রোলার মার্ক লেভাইন, স্টেট এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩২-এর ডেমোক্র্যাট প্রার্থী নাথানিয়েল হ্যাজিকাইয়া। তারা জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও মানবতার পক্ষে নিজেদের বক্তব্য তুলে ধরেন। এ সময় মানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে নাভা’র (নিউ আমেরিকান ভোটার এ্যাসিস্ট্যান্স) প্রেসিডেন্ট দীপা নাথ, সেক্রেটারি তাইবা আহমেদ, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হরি শুক্লা, ‘একাত্তর জেনোসাইড ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ড. প্রদীপ কর, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা ড. দ্বিজেন ভট্টাচার্য্য, শীতাংশু গুহ, ভজন সরকার, প্যারেড আয়োজক কমিটির আহ্বায়ক ইন্দ্রজিৎ সরকার, কো-কনভেনর শক্তি ডি গুপ্ত, অর্জুন কর্মকার, শ্রীবাস দেবনাথ, দীপক দাস, সুবল দেবনাথসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচির সমন্বয় ও নেতৃত্ব দেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ।
প্যারেডকে ঘিরে নিউইয়র্কের বিভিন্ন মন্দির, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মহামায়া মন্দির, দেবালয় মন্দির, বেদান্ত এসোসিয়েশন, নাথ মিশন অব ইউ.এস.এ, বাল গোপাল রাধাকৃষ্ণ সংঘ, হিন্দু ডেমোক্রেটিক ক্লাব, MTA হিন্দু এমপ্লয়িজ এসোসিয়েশন, হিন্দু কালচার এন্ড হেরিটেজ সেন্টার, বিষ্ণু আরতি মন্দিরতন, শ্রীমদ্ভগবদ্গীতা স্টাডি সেন্টার, হরেকৃষ্ণ নামহট্ট সোসাইটি, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, সার্বজনীন গীতা সংঘ, উত্তর আমেরিকান কল্যাণ পরিষদ, নর্থ আমেরিকান ভোটারস এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন এতে সহযোগিতা করে।
অনুষ্ঠানের প্রস্তুতি ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন প্রভু পাদ শ্রী শ্রী নিত্যগোপাল গোস্বামী, শ্রী স্বপন চক্রবর্তী, ইন্দ্রজিৎ সরকার, অর্জুন কর্মকার, শক্তি দাসগুপ্তা, শ্রীবাস দেবনাথ, দিপেন আচার্য্য, বিধান মহালিন্দার, স্বপন দত্ত, দীলিপ নাথ, শ্যামল চক্রবর্তী, তাপস দে, ধ্রুব চক্রবর্তী, পরিমল কর্মকার, অমর দাস, বিপ্লব বণিক, সুবল দেবনাথ, পিন্টু ভৌমিক, সঞ্জিত ঘোষ, সুজন সাহা, গৌড় দেবনাথ, বিশ্বজিৎ দে প্রমুখ।
সনাতনী সম্প্রদায়ের বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ড. দ্বিজেন ভট্টাচার্য্য, শীতাংশু গুহ, ডা: প্রভাত দাস, নৃপেন ধর, ভজন সরকার, সাধন দাস, উমেশ পাল, রিনা সাহা, অসীম সাহা, সন্তোষ দেবনাথ, চন্দন সেনগুপ্ত, বিষ্ণু গোপ, বিদ্যুৎ সরকার প্রমুখ।
জন্মাষ্টমীর সাংস্কৃতিক আবহকে আরও প্রাণবন্ত করে তোলেন কৃষ্ণাতিথি, সবিতা দাস, রুনা রায়। অনুষ্ঠান পরিচালনা করেন উৎপল চৌধুরী, দীপক দাস, রুমা তিথি, সবিতা দাস। উষা কীর্তন পরিবেশন করেন রুমা রায়, ঝুলন সেন।
নিউইয়র্কের মতো বহুজাতিক নগরীতে এই জন্মাষ্টমী প্যারেড শুধু একটি ধর্মীয় শোভাযাত্রা ছিল না; এটি ছিল নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে বৃহত্তর সমাজে শান্তি, সম্প্রীতি, মানবতা ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা ছড়িয়ে দেওয়ার একটি শক্তিশালী প্রয়াস। শ্রীকৃষ্ণের জীবন ও দর্শনের আলোকে সত্য ও ন্যায়ের পথে চলা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে নৈতিক অবস্থান নেওয়ার আহ্বানও উঠে আসে আয়োজনজুড়ে।
প্যারেড শেষে আয়োজকরা অনুষ্ঠানে ব্যাপক সাড়া দেওয়ার জন্য প্রবাসী সনাতনী সম্প্রদায়, বিভিন্ন মন্দির, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। নিউইয়র্কের রাজপথে জন্মাষ্টমীর এই আয়োজন প্রবাসী সনাতনী সমাজের ঐক্য, সাংস্কৃতিক শিকড়ের প্রতি দায়বদ্ধতা এবং বহুত্ববাদী আমেরিকান সমাজে সম্প্রীতির প্রত্যয়ের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।



















