তিন নারীকর্মীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিলেন ডোনাল্ড ট্রাম্প
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাহী সহকারী নাটালি হার্পকে ৪৫ হাজার যুক্তরাষ্ট্রের ডলার নগদ উপহার দিয়েছেন। হার্প ছাড়াও হোয়াইট হাউজের আরও দুই কর্মী মার্গো মার্টিন ও চেম্বারলেন হ্যারিস একই পরিমাণ অর্থ পেয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে আর্থিক বিবরণীর তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পত্রিকাটি। তিন নারীই প্রাপ্ত অর্থকে ‘ছুটির নগদ উপহার’ হিসেবে উল্লেখ করেছেন।
কেন ‘হিউম্যান প্রিন্টার’ নামে পরিচিত নাটালি হার্প?
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নাটালি হার্পকে প্রায় সবসময়ই প্রেসিডেন্টের পাশে দেখা যায়। ট্রাম্পের প্রয়োজনীয় নথি তাৎক্ষণিকভাবে ছাপিয়ে দেওয়ার জন্য তিনি সঙ্গে একটি বহনযোগ্য প্রিন্টার রাখেন। এ কারণেই তিনি হোয়াইট হাউজে ‘হিউম্যান প্রিন্টার’ নামে পরিচিত হয়ে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও হার্পের বিশেষ প্রবেশাধিকার রয়েছে বলে জানা গেছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের ফুটেজে দেখা যায়, ট্রাম্প যা লিখে দিতে বলেন, হার্প তা টাইপ করে দেন। এমনকি ট্রাম্পের লেখায় ব্যবহৃত বড় হাতের অক্ষরও তিনি হুবহু অনুসরণ করেন। ৩৫ বছর বয়সী হার্প বর্তমানে প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও নির্বাহী সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পদে তার বার্ষিক বেতন প্রায় ১ লাখ ৫০ হাজার ডলার।
উপহারের পক্ষে হোয়াইট হাউজ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিপুল অঙ্কের নগদ উপহার নিয়ে প্রশ্ন উঠলেও এর পক্ষে অবস্থান নিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেন, বড়দিন উপলক্ষে নিজের ঘনিষ্ঠ মহলের মানুষদের উপহার দেওয়ার দীর্ঘদিনের রীতি রয়েছে ট্রাম্পের। কখনো কখনো সেই তালিকায় কর্মী ও সহকারীরাও থাকেন। মুখপাত্রের দাবি, এসব অর্থ সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব কিংবা সরকারি কাজের সঙ্গে সম্পর্কিত নয়। ফলে প্রচলিত আইন ও নৈতিকতার মানদণ্ড অনুযায়ী উপহারগুলো বৈধ।
আরও এক কর্মকর্তাকে ২০ হাজার ডলার
শুধু তিন নারী সহকারীই নন, ট্রাম্পের আরেক ঘনিষ্ঠ কর্মকর্তা ওয়াল্ট নাউটাও প্রেসিডেন্টের কাছ থেকে ২০ হাজার ডলারের নগদ উপহার পেয়েছেন বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। হোয়াইট হাউজের ওভাল অফিস পরিচালনার দায়িত্বে থাকা নাউটার বার্ষিক বেতন ১ লাখ ৭৫ হাজার ডলার। এর বাইরে তিনি ট্রাম্পের কাছ থেকে এই ২০ হাজার ডলারের উপহার পেয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের বিপুল অঙ্কের নগদ অর্থ দেওয়ার তথ্য প্রকাশের পর তার উপহার দেওয়ার রীতি এবং এর আইনগত ও নৈতিক দিক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র: এএফপি, জাগোনিউজ



















