Logo

ইউএসএ নিউজ    >>   টাইমস স্কয়ারে ছুরি হামলায় ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত

টাইমস স্কয়ারে ছুরি হামলায় ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত

টাইমস স্কয়ারে ছুরি হামলায় ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ার এলাকায় ছুরি হাতে হামলার ঘটনায় ব্যাংক অব আমেরিকার (Bank of America) এক নারী ভাইস প্রেসিডেন্ট নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নারীও নিহত হন। নিউইয়র্ক পুলিশ বিভাগের (NYPD) বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরস দুই হাতে দুটি ছুরি নিয়ে ওয়েস্ট ৪১ স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউয়ের কাছে ৬৮ বছর বয়সী রোড আইল্যান্ডের এক পর্যটকের দিকে এগিয়ে যান। ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে রাস্তা পার হওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় সিসনেরস তাঁর পেটে ছুরিকাঘাত করেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়।

এরপর সিসনেরস সেভেন্থ অ্যাভিনিউ ধরে উত্তর দিকে এগিয়ে যান। প্রায় ২০ সেকেন্ড পর ওয়েস্ট ৪২ স্ট্রিটের কাছে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াচেন্তিকে ছুরিকাঘাত করেন তিনি। পুলিশ জানিয়েছে, গুরুতর আহত পিয়াচেন্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ব্যাংক অব আমেরিকার ‘বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

ব্যাংক অব আমেরিকার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সহকর্মীর মর্মান্তিক মৃত্যুতে প্রতিষ্ঠানটি গভীরভাবে শোকাহত। তিনি একজন মূল্যবান সহকর্মী ছিলেন। তাঁর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা কাছাকাছি থাকা পুলিশ কর্মকর্তাদের হামলার বিষয়টি জানালে ওয়েস্ট ৪২ ও ৪৩ স্ট্রিটের মাঝামাঝি এলাকায় সিসনেরসকে আটকানোর চেষ্টা করেন পুলিশ সদস্যরা। তখনও তাঁর হাতে দুটি ছুরি ছিল।

প্রায় চার মিনিট ধরে পুলিশ কর্মকর্তারা তাঁকে অস্ত্র ফেলে দিতে বোঝানোর চেষ্টা করেন। পুলিশ কমিশনার জেসিকা টিশের ভাষ্য অনুযায়ী, সিসনেরস কর্মকর্তাদের জানান, তিনি কোনো কিছুই ফেলবেন না এবং পুলিশ সদস্যদের দুজনকেই হত্যা করতে চান। এরপর সিসনেরস পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে গেলে তাঁকে থামাতে টেজার ব্যবহার করা হয়। তবে তাতেও তিনি থামেননি। একপর্যায়ে দুই পুলিশ কর্মকর্তা গুলি চালালে সিসনেরস গুলিবিদ্ধ হন। পরে তাঁকে বেলভিউ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, সিসনেরসের আগে কোনো গ্রেপ্তারের রেকর্ড ছিল না। তবে ২০১৮ ও ২০১৯ সালে মানসিক অসুস্থতাসংক্রান্ত দুটি ঘটনায় পুলিশের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করার মতো কোনো কারণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। ব্যাংক অব আমেরিকার ম্যানহাটনের প্রধান কার্যালয় টাইমস স্কয়ারের কাছেই ওয়ান ব্রায়ান্ট পার্কে অবস্থিত।

নিউইয়র্কে গত চার বছর ধরে বড় ধরনের অপরাধের সংখ্যা কমলেও গুরুতর হামলার ঘটনা টানা ছয় বছর ধরে বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ডের সংখ্যা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এবং সামগ্রিক বড় অপরাধ কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। সূত্র: নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD), যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম, বিডি২৪লাইভ