বাংলাদেশসহ যেসব দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করা হলো?
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র সফর শেষে নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে আসা নিশ্চিত করতে বাংলাদেশসহ বিশ্বের অন্তত ৫০টি দেশের নাগরিকদের জন্য ‘ভিসা বন্ড কর্মসূচি’ স্থায়ী করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নতুন এ ব্যবস্থার আওতায় নির্দিষ্ট ক্ষেত্রে বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসার আবেদনকারীদের সর্বোচ্চ ২০ হাজার যুক্তরাষ্ট্রের ডলার পর্যন্ত বন্ড বা জামানত জমা দিতে হতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু করা পাইলট কর্মসূচির ইতিবাচক ফলাফলের ভিত্তিতে এখন এটি স্থায়ী নীতিতে পরিণত করা হয়েছে। তবে এই বন্ড সব আবেদনকারীর জন্য বাধ্যতামূলক নয়; কনস্যুলার কর্মকর্তা ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজন মনে করলে তা আরোপ করতে পারবেন।
নতুন নীতির আওতায় বাংলাদেশ ছাড়াও আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বেনিন, ভুটান, বতসোয়ানা, বুরুন্ডি, কেপ ভার্দে, কম্বোডিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, আইভরি কোস্ট, কিউবা, জিবুতি, ডমিনিকা, ইথিওপিয়া, ফিজি, গ্যাবন, দ্য গাম্বিয়া, জর্জিয়া, গ্রেনাডা, গিনি, গিনি-বিসাউ, কিরগিজস্তান, লেসোথো, মালাউই, মৌরিতানিয়া, মরিশাস, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নামিবিয়া, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাপুয়া নিউগিনি, সাও তোমে ও প্রিন্সিপে, সেনেগাল, সেশেলস, তাজিকিস্তান, তানজানিয়া, টোগো, টোঙ্গা, তিউনিসিয়া, তুর্কমেনিস্তান, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ের নাগরিকরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যাওয়ার (ওভারস্টে) হার তুলনামূলক বেশি, তথ্য আদান-প্রদানে সীমাবদ্ধতা রয়েছে অথবা নিরাপত্তা ও পরিচয় যাচাই প্রক্রিয়ায় দুর্বলতা রয়েছে—মূলত সেসব দেশের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীর পরিস্থিতি বিবেচনা করে ১০ হাজার, ১৫ হাজার অথবা ২০ হাজার যুক্তরাষ্ট্রের ডলার পর্যন্ত বন্ড নির্ধারণ করতে পারবেন। তবে ভ্রমণ শেষে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করে সব শর্ত পূরণ করলে জমা দেওয়া বন্ডের সম্পূর্ণ অর্থ আবেদনকারীকে ফেরত দেওয়া হবে। সূত্র: ফেডারেল রেজিস্টার, আমেরিকান সরকা, জাগোনিউজ



















