Logo

ইউএসএ নিউজ    >>   বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠনে প্রগতিশীল শক্তির ঐক্যের আহ্বান: নিউইয়র্কে প্রগ্রেসিভ ফোরামের আলোচনা সভায় বাংলাদেশ ও বিশ্ব রাজনীতিতে বামপন্থী রাজনীতির সংকট, সম্ভাবনা ও গণতান্ত্রিক পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন ডা. শাহীন রহমান

বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠনে প্রগতিশীল শক্তির ঐক্যের আহ্বান: নিউইয়র্কে প্রগ্রেসিভ ফোরামের আলোচনা সভায় বাংলাদেশ ও বিশ্ব রাজনীতিতে বামপন্থী রাজনীতির সংকট, সম্ভাবনা ও গণতান্ত্রিক পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন ডা. শাহীন রহমান

বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠনে প্রগতিশীল শক্তির ঐক্যের আহ্বান: নিউইয়র্কে প্রগ্রেসিভ ফোরামের আলোচনা সভায় বাংলাদেশ ও বিশ্ব রাজনীতিতে বামপন্থী রাজনীতির সংকট, সম্ভাবনা ও গণতান্ত্রিক পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন ডা. শাহীন রহমান

প্রজ্ঞা নিউজ ডেস্ক : 
বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তির ঐক্যের বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ, বৈষম্য, ধর্মীয় উগ্রবাদ, অর্থনৈতিক সংকট এবং গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের এই সময়ে মানবিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে প্রগতিশীল চিন্তা-চেতনার বিকাশ অত্যন্ত জরুরি।

গত ২৪ জুলাই ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে প্রগ্রেসিভ ফোরাম যুক্তরাষ্ট্র সংসদ আয়োজিত সাম্প্রতিক বিশ্ব ভাবনা ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব বিষয় উঠে আসে। প্রগ্রেসিভ ফোরামের সভাপতি হাফিজুল হক এর সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু-র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ডা. শাহীন রহমান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম রূপকার ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল হক।

আলোচনায় ডা. শাহীন রহমান বলেন, বর্তমান বিশ্ব রাজনীতি এক গভীর রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে পুঁজিবাদের ক্রমবর্ধমান বৈষম্য, অন্যদিকে যুদ্ধ, জলবায়ু সংকট, অভিবাসন সমস্যা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা বিশ্বব্যাপী নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। এই প্রেক্ষাপটে বামপন্থী রাজনীতির সামনে যেমন চ্যালেঞ্জ রয়েছে, তেমনি নতুন সম্ভাবনাও সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশেও প্রগতিশীল ও বামপন্থী রাজনীতির মূল শক্তি হওয়া উচিত সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, ধর্মনিরপেক্ষতা, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা এবং সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে আরও সুসংগঠিত করা। তিনি মত প্রকাশ করেন, জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, মুক্তবুদ্ধির চর্চা, বিজ্ঞানমনস্ক শিক্ষা এবং সাংস্কৃতিক আন্দোলনই একটি মানবিক বাংলাদেশ গঠনের প্রধান ভিত্তি হতে পারে।

ডা. শাহীন রহমান আরও বলেন, ইতিহাসের প্রতিটি সংকটময় সময়ে প্রগতিশীল শক্তিই সমাজকে এগিয়ে নেওয়ার পথ দেখিয়েছে। তাই বিভাজনের রাজনীতি নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, সামাজিক ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধকে সামনে রেখে নতুন প্রজন্মকে সংগঠিত করতে হবে।

বিশেষ আলোচক আনোয়ারুল হক তার বক্তব্যে বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণ অপরিহার্য। তিনি অতীতের গণআন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরে বর্তমান সময়ে প্রগতিশীল শক্তির ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন রাজনীতিবিদ ও কলামিস্ট খোরশেদুল ইসলাম, সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সাবেক প্রধান সম্পাদক মো. ফজলুর রহমান, হোসাইন কবির, সংগঠনের সভাপতি হাফিজুল হক, কলামিস্ট ডা. আজিজুল হক , একুশে চেতনা পরিষদ, যুক্তরাষ্ট্র-এর আহ্বায়ক ড. ওবায়েদুল্লাহ মামুন, জুলফিকার হোসেন বকুল, কুলদা রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক মিনহাজ আহমেদ শাম্মু , সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোজাহিদ আনসারী, জাকির আহমেদ রনি এবং সুমন আলম। তাদের বিভিন্ন প্রশ্নের বিস্তারিত উত্তর দেন প্রধান আলোচক ডা. শাহীন রহমান।

সভায় উপস্থিত সবাই বলেন, বর্তমান সময়ের জাতীয় ও আন্তর্জাতিক বাস্তবতাকে সামনে রেখে প্রগ্রেসিভ ফোরাম যুক্তরাষ্ট্র সংসদ যে সময়োপযোগী আলোচনা সভার আয়োজন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয় এবং প্রবাসে প্রগতিশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক হুসনে আরা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ-এর সাধারণ সম্পাদক কল্লোল দাশ, খেলাঘর-এর কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী তাহমিনা সুলতানা সাথী, মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র-এর সাধারণ সম্পাদক সুলেখা পাল, উদীচী জ্যামাইকা শাখা-র সভাপতি আশীষ রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভিক্টর ইলিয়াস, উপস্থাপিকা সাবিনা হাই উর্বি, উদীচী যুক্তরাষ্ট্র সংসদ-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিরো চৌধুরী, যন্ত্রশিল্পী শহীদ উদ্দিন, আবৃত্তিশিল্পী মুনমুন সাহা, উদীচী নেতা দিলীপ মোদক সহ প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষপর্যায়ে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের মুক্তবুদ্ধি ও সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান।