দিনের নির্দিষ্ট সময়সীমা, বদলে যাচ্ছে দীর্ঘদিনের ভিসা নীতি
প্রজ্ঞা নিউজ ডেস্ক | ফারজানা শোভা, নিউইয়র্ক:
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ (ইউএন জেনারেল অ্যাসেম্বলি) কভার করতে যুক্তরাষ্ট্রে আসতে ইচ্ছুক বাংলাদেশি সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এসেছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) বিদেশি শিক্ষার্থী, এক্সচেঞ্জ ভিজিটর এবং বিদেশি সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে অবস্থান সংক্রান্ত নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের জন্য নতুন বাস্তবতা তৈরি করবে।
নতুন প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, দীর্ঘদিন ধরে চালু থাকা “ডিউরেশন অব স্ট্যাটাস (Duration of Status)” ব্যবস্থা বাতিল করা হবে। এর পরিবর্তে বিদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানের একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। ফলে আগে যেভাবে কর্মরত থাকার ভিত্তিতে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা যেত, সেই সুযোগ আর থাকবে না।
বিদেশি সাংবাদিকদের আই (I) ভিসা-এর ক্ষেত্রেও আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি গণমাধ্যমকর্মীরা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২৪০ দিন অবস্থান করতে পারবেন। এর আগে এই ভিসাধারীরা তাদের স্বীকৃত গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসংস্থান বহাল থাকলে বছরের পর বছর যুক্তরাষ্ট্রে অবস্থান ও পেশাগত দায়িত্ব পালন করতে পারতেন।
ট্রাম্প প্রশাসনের উদ্যোগে প্রণীত এই নতুন নীতিমালা আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এটি কার্যকর হওয়ার আগে কংগ্রেসের পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকাশের ৬০ দিন পর এ বিধান কার্যকর হবে।
বিশেষজ্ঞদের মতে, নতুন এই নীতির ফলে বিদেশি সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে অবস্থান, সংবাদ সংগ্রহ এবং দীর্ঘমেয়াদি অ্যাসাইনমেন্ট পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কভার করতে যাওয়া সাংবাদিকদের ভিসার মেয়াদ, অবস্থানের সময়সীমা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আগেভাগেই সতর্ক ও প্রস্তুত থাকা প্রয়োজন।
আগামী ইউএন সাধারণ পরিষদে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি সাংবাদিকদেরও যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতিমালার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।



















