ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ডোনাল্ড ট্রাম্প
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক এবার আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাস, ইনফান্তিনো বিশ্বজুড়ে সম্মানিত একজন নেতা। সফলভাবে ফুটবল বিশ্বকাপের মতো বৃহৎ আসর আয়োজনের অভিজ্ঞতা তাকে বৈশ্বিক নেতৃত্বের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন পর্তুগালের আন্তোনিও গুতেরেস। চলতি বছরের ডিসেম্বরে তার দ্বিতীয় মেয়াদ শেষ হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন মহাসচিব দায়িত্ব গ্রহণ করবেন। তবে ইনফান্তিনোর সামনে সহজ পথ নেই। জাতিসংঘের মহাসচিব হতে হলে প্রথমে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের সমর্থন অর্জন করতে হবে। এছাড়া পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটি দেশ ভেটো দিলে তার প্রার্থিতা আটকে যেতে পারে।
এদিকে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বরাবরই কঠোর। নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন তহবিলে যুক্তরাষ্ট্রের অর্থায়নেও উল্লেখযোগ্য কাটছাঁট করা হয়েছে। অন্যদিকে, ফিফাতেও জিয়ানি ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে রয়েছে। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে তিনি আবারও সভাপতি পদে নির্বাচন করবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। সূত্র: নিউইয়র্ক পোস্ট, জাগোনিউজ



















