Logo

ইউএসএ নিউজ    >>   যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় পরিবর্তন, নতুন কোন পরিস্থিতিতে বিদেশি শিক্ষার্থী?

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় পরিবর্তন, নতুন কোন পরিস্থিতিতে বিদেশি শিক্ষার্থী?

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় পরিবর্তন, নতুন কোন পরিস্থিতিতে বিদেশি শিক্ষার্থী?

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ-১ (F-1) স্টুডেন্ট ভিসা আর কোর্স শেষ হওয়া পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বহাল থাকবে না। এর পরিবর্তে সর্বোচ্চ চার বছরের নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) প্রকাশিত চূড়ান্ত বিধিমালা অনুযায়ী, দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (Duration of Status) নীতি বাতিল করা হয়েছে। এতদিন বৈধ শিক্ষার্থী মর্যাদা বজায় রাখলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ডিগ্রি শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারতেন। নতুন নিয়ম কার্যকর হলে সেই সুবিধা আর থাকবে না।

নতুন বিধি অনুযায়ী, চার বছরের বেশি সময়ের ডিগ্রি বা গবেষণা কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময় শেষ হওয়ার আগে অবস্থানের মেয়াদ বাড়ানোর জন্য আনুষ্ঠানিক আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত না হলে তাদের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে অথবা নতুন করে দেশে প্রবেশের অনুমতি নিতে হবে।

এছাড়া শিক্ষার্থীদের জন্য আরও কয়েকটি নিয়ম কঠোর করা হয়েছে। স্নাতকোত্তর পর্যায়ের অনেক শিক্ষার্থী আগের মতো সহজে বিশ্ববিদ্যালয় পরিবর্তন বা একই স্তরের নতুন কোর্সে ভর্তি হতে পারবেন না। পাশাপাশি পড়াশোনা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য আগে যে ৬০ দিনের গ্রেস পিরিয়ড ছিল, তা কমিয়ে ৩০ দিন করা হয়েছে।

ডিএইচএস জানিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের ওপর নজরদারি জোরদার করা, ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১৮ লাখের বেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, যা তদারকির ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা–সংশ্লিষ্ট সংগঠন নতুন নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, অতিরিক্ত প্রশাসনিক জটিলতার কারণে বিদেশি শিক্ষার্থীদের কাছে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার আকর্ষণ কমে যেতে পারে, বিশেষ করে দীর্ঘমেয়াদি গবেষণা ও পিএইচডি কর্মসূচিতে।

ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এই বিধিমালা নির্ধারিত সময় পর কার্যকর হবে। এরপর থেকে নতুন নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থী, এক্সচেঞ্জ ভিজিটর এবং নির্দিষ্ট কিছু অন্যান্য অ-অভিবাসী ভিসাধারীর যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ নির্ধারণ করা হবে।

সূত্র: ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS), ফেডারেল রেজিস্টার, জাগোনিউজ