আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন-২০২৬: মিলনমেলা, সংস্কৃতি ও সম্প্রীতির বর্ণাঢ্য আয়োজন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি)-এর উদ্যোগে বনভোজন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুলাই ২০২৬, রবিবার, নিউইয়র্কের Fort Tilden Picnic Area-এ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনব্যাপী আয়োজিত এ বনভোজন সাংবাদিক, তাদের পরিবার, অতিথি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের প্রাণবন্ত উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নিউইয়র্কের চ্যানেল আই টিভির সিইও রাশেদ আহম্মেদ, যিনি সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বনভোজনের সূচনা ঘোষণা করেন। এরপর সকালের নাস্তা, বারবিকিউ, মধ্যাহ্নভোজ এবং বিকেলের চা-নাস্তার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা দিনটি আনন্দঘন পরিবেশে উপভোগ করেন।
অনুষ্ঠানে ছিল শিশু ও বড়দের জন্য নানা ধরনের ক্রীড়া ও বিনোদনমূলক ইভেন্ট, আকর্ষণীয় র্যাফেল ড্র এবং বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিটি ইভেন্টে বিজয়ীদের পুরস্কৃত করা হয়, যা উপস্থিত সবার মধ্যে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।
বিকেলে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় ‘মাটির গান’-এর প্রধান বাউল শিল্পী শাহীন হোসেন, লালনসংগীত শিল্পী তাহমিনারা রহমান (লাইজু) এবং হৃদয়বীণা সংগীতালয়-এর সিইও ও প্রতিষ্ঠাতা সংগীতশিল্পী আয়েশা খান। তবলায় সঙ্গত করেন বাংলাদেশ ও নিউইয়র্কের বিশিষ্ট তবলা শিল্পী তপন মোদাক। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান এবং সম্পাদক দীপক আচার্য্য-এর সঞ্চালনায় অনুষ্ঠিত শুভেচ্ছা পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা ও সম্পাদক লাভলু আনসার, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাত হোসেন সবুজ, সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক আকাশ খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুইন্স বোরোর ডেমোক্রেটিক নেতা ফাহাদ সোলাইমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল মাহমুদ, বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন অ্যাট নেচারের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, প্রজ্ঞা নিউজ-এর সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, প্রজ্ঞা নিউজ-এর নির্বাহী সম্পাদক, আবৃত্তিশিল্পী ও EXIT Prime-এর রিয়েল এস্টেট সেলসপারসন মুনমুন সাহাসহ সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কমিউনিটির বিশিষ্টজনেরা।
দিনব্যাপী আনন্দ-উৎসব শেষে সংগঠনের সভাপতি উপস্থিত সকল সদস্য, অতিথি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বনভোজন-২০২৬-এর সমাপ্তি ঘোষণা করেন।
পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত বন্ধন, পারিবারিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে এবারের আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন-২০২৬ প্রবাসী বাংলাদেশি সাংবাদিক সমাজের জন্য একটি স্মরণীয় ও সফল আয়োজনে পরিণত হয়।



















