যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যাডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। সোমবার (১৫ জুন) বেলা ১১টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ঘাঁটি কর্তৃপক্ষ। দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
এক বিবৃতিতে ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ শুরু করে। একই সঙ্গে বিমানবাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় অ্যাডওয়ার্ডস ঘাঁটি কর্তৃপক্ষ জানায়, বিমানঘাঁটির রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব বিমান সেখানে অবতরণ করার কথা সেগুলো অন্যত্র পাঠানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থী পাস স্থগিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান/ছবি: সংগৃহীত
৫০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ব্যবহার করে আসছে। এটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। বিশাল আকারের এই বিমানের ডাকনাম ‘দ্য বাফ’। যা ‘বিগ আগলি ফ্যাট’র সংক্ষিপ্ত রূপ। জানা গেছে, সম্প্রতি ইরানে চালানো বোমা হামলায় বিমানটি ব্যবহার করা হয়। বিমানটি সর্বোচ্চ ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। এটি প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে পারে। এর মধ্যে কয়েক শ সাধারণ বোমা বা ৩২টি পারমাণবিক অস্ত্র সংবলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতাও আছে।
সাধারণত বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেসে পাঁচজন ক্রু থাকেন। তাদের মধ্যে একজন কমান্ডার, একজন পাইলট, একজন রাডার নেভিগেটর, একজন নেভিগেটর ও একজন ইলেকট্রনিক ওয়ারফেয়ার কর্মকর্তা। দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য জে ওবারনোলটে ফেসবুকে এক পোস্টে লিখেছেন, অ্যাডওয়ার্ডস বিমানঘাঁটিতে দুর্ঘটনার শিকার বি-৫২ বিমানের সঙ্গে সংশ্লিষ্ট ক্রু সদস্য, তাদের পরিবার এবং উদ্ধারকর্মীদের জন্য প্রার্থনা করছি। তথ্যসূত্র: বিবিসি,জাগোনিউজ



















