জ্যাকসন হাইটসে উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন নেতৃত্বকে বরণ: আহ্বায়ক কমিটি বিলুপ্ত, সেবুল–মিজান নেতৃত্বে নতুন কমিটি অনুমোদন
- By Progga News Desk --
- 10 May, 2026
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দীর্ঘদিন পর বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুক্তরাষ্ট্র শাখায় নতুন নেতৃত্ব ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্টি হয় তাৎক্ষণিক আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র শাখার পূর্বঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামী তিন বছরের জন্য মো: সেবুল মিয়া-কে সভাপতি এবং মিজানুর রহমান চৌধুরী-কে সাধারণ সম্পাদক করে নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান Sheikh Fazle Shams Porosh এবং সাধারণ সম্পাদক Moinul Hossain Khan Nikhil-এর যৌথ স্বাক্ষরে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় গঠনতন্ত্রের ধারা-২৩ অনুযায়ী যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।
নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক বিস্তার এবং প্রবাসে রাজনৈতিক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
নেতৃত্ব ঘোষণার পরপরই জ্যাকসন হাইটসে প্রবাসী আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নতুন সভাপতি মো: সেবুল মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা দুরুদ মিয়া রনেল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ সেলিম আহমদ, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য রাকিব হাসান, পেনসিলভেনিয়া স্টেট যুবলীগের সভাপতি আলিম উদ্দিন প্রমুখ ।এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাম্প জয়নুল আবেদীন, রিপাবলিকান ন্যাশনাল কমিউনিটির সদস্য কাজল মাহমুদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি গোলাম খান লিপটন, সহ-সভাপতি মোহাম্মদ আলী বাবু প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, নতুন নেতৃত্ব প্রবাসে সংগঠনকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ করবে এবং বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটির মধ্যে রাজনৈতিক ও সামাজিক সেতুবন্ধন আরও শক্তিশালী করবে।
সব মিলিয়ে দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন নেতৃত্ব ঘোষণাকে কেন্দ্র করে প্রবাসী রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও আলোচনার সৃষ্টি হয়েছে।



















