বাংলাদেশ সোসাইটির যৌথ সভা: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অঙ্গীকার
- By Progga News Desk --
- 06 May, 2026
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি, বোর্ড অব ট্রাস্টি এবং নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ যৌথ সভা গত ৩ মে ২০২৬, রবিবার বিকেলে সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে সর্বসম্মত অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ। যৌথভাবে সভা পরিচালনা করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
সভায় কার্যকরী কমিটির পক্ষে সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুঁইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী)সহ অন্যান্য কার্যকরী সদস্যরা উপস্থিত ছিলেন।
বোর্ড অব ট্রাস্টির পক্ষ থেকে চেয়ারম্যান শাহ নেওয়াজসহ কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বোরহান, আব্দুর রহিম হাওলাদার, ডা. এনামুল হক, জুনাইদ চৌধুরী, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবীব এবং নাঈম টুটুল উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের এবং সদস্যবৃন্দ বদরুল এইচ খান, মিঠু হামিদ ও মিয়া মোঃ দুলাল সভায় অংশগ্রহণ করেন।
সভায় শুরুতে সভাপতি আতাউর রহমান সেলিম নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকরী পরিষদ ও বোর্ড অব ট্রাস্টির সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। এ সময় কমিশনারদের হাতে তাদের নিয়োগপত্র ও পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
পরিচয় পর্ব শেষে প্রধান নির্বাচন কমিশনার তাঁর বক্তব্যে দায়িত্ব অর্পণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সোসাইটির গঠনতন্ত্র সমুন্নত রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।” এ লক্ষ্য অর্জনে তিনি সোসাইটির সকল স্তরের সদস্য এবং প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অন্যান্য নির্বাচন কমিশনাররাও তাদের বক্তব্যে একই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সহযোগিতা চান।
সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ সদস্যরা নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, কার্যকরী পরিষদের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তারাও নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।
সভাটি পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার প্রত্যয়ে শেষ হয়।



















