নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা–২০২৬: তিনদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন, মতবিনিময় সভায় প্রস্তুতির চিত্র তুলে ধরা
- By Progga News Desk --
- 04 May, 2026
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ০১ মে ২০১৬, শনিবার রাত ৭টা ৩০ মিনিটে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা–২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া লিখিত বক্তব্য সম্মানিত সম্পাদক ও মিডিয়া প্রতিনিধিদের সামনে পাঠ করেন।
বক্তব্যে জানানো হয়, নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিস্টিয়ান সেন্টারের (৩৯-১০, ১৭ স্ট্রিট, লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক) সুবিশাল মিলনায়তনে আগামী ১৫, ১৬ ও ১৭ মে ২০২৬—শুক্র, শনি ও রবিবার—তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা–২০২৬। আয়োজনের সকল প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে এবং বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০টিরও বেশি বুকস্টল অংশগ্রহণের সম্মতি দিয়েছে।
নিউইয়র্কে আবারও বসতে যাচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের এক বর্ণাঢ্য আসর—“বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬”। একাত্তরের প্রহরী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা প্রবাসে বাংলা সাহিত্যচর্চার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অডিটোরিয়ামে উন্নত সাউন্ড ও লাইটিং ব্যবস্থার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এবারের মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান কবি, অনুবাদক ও গবেষক Carolyn Wright।
Carolyn Wright দীর্ঘদিন ধরে বিশ্বসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তিনি Harvard University, Radcliffe Institute, Emory University এবং University of Miami-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভিজিটিং পোয়েট ও সৃজনশীল লেখালেখির অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সাহিত্যকর্ম ২০০৯ সালে The Best American Poetry 2009-এ স্থান পায় এবং ২০১৭ সালে তিনি মর্যাদাপূর্ণ Pushcart Prize অর্জন করেন।
বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার গভীর অনুরাগ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশের নারী কবিদের প্রেমের কবিতা নিয়ে তার অনূদিত গ্রন্থ Majestic Nights: Love Poems of Bengali Women আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বাংলা কবিতা নিয়ে গবেষণার অংশ হিসেবে তিনি বাংলা একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে কাজ করেছেন এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সফর করেছেন।
আয়োজকরা জানান, এবারের বইমেলায় দেশ ও প্রবাসের খ্যাতিমান লেখক, কবি ও প্রকাশকদের অংশগ্রহণ থাকবে। প্রায় ৫০টিরও বেশি স্টলে নতুন বইয়ের প্রদর্শনী ও বিক্রয় চলবে। পাশাপাশি প্রতিদিন সাহিত্য আলোচনা, বই উন্মোচন, লেখক-পাঠক আড্ডা, শিশু-কিশোরদের জন্য বিশেষ সেশন, কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হবে।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে “বাংলা ভাষা ও বিশ্বসাহিত্য” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার, যেখানে বিভিন্ন দেশের গবেষক ও সাহিত্যিকরা অংশ নেবেন। এছাড়া নতুন প্রজন্মকে বইমুখী করতে তরুণ লেখকদের জন্য ওপেন মাইক ও সৃজনশীল লেখালেখি কর্মশালার আয়োজন করা হয়েছে।
বইমেলাকে কেন্দ্র করে আয়োজিত মতবিনিময় সভায় আয়োজকরা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান। তারা মনে করেন, প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভার দিনটি ছিল আহ্বায়ক ডা. নুরুন নবীর জন্মদিন। এ উপলক্ষে উপস্থিত সবাই কেক কেটে ও ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং এক আনন্দঘন পরিবেশে তার জন্মদিন উদযাপন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন—গোপাল স্যানাল, মিনহাজ আহমেদ, গোপেন সাহা, আসলাম খান, স্বাধীন, সুব্রত তালুকদার, বিপ্লবসাহা , সাংবাদিক পিনাকী তালুকদার অন্যান্য সংগঠকবৃন্দ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক ডা. নুরুন নবী, সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া, কবি ইলিয়াস ফকির, জাকারিয়া চৌধুরী, ইকবাল চৌধুরী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মইনুল ইসলাম এবং সমাজসেবক ময়নুজ্জামান চৌধুরী।
সাংবাদিকদের মধ্যে প্রশ্ন করেন—সাপ্তাহিক বাঙালি পত্রিকার সম্পাদক কৌশিক, সাপ্তাহিক জাগো প্রহরীর সম্পাদক লাবলু আনসারি, জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, প্রজ্ঞা নিউজের সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা প্রমুখ।
বইমেলাকে ঘিরে একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশের কাজ চলমান রয়েছে। পাশাপাশি ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ও নবী-জিনাত ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’ প্রদানের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এই আন্তর্জাতিক বইমেলাকে সফল করে তোলা সম্ভব হবে এবং প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















