আটলান্টায় প্রথমবার কবিতা প্রদর্শনী ও বাংলা বইমেলা: প্রবাসে বাংলা সাহিত্যচর্চায় নতুন দিগন্ত
- By Progga News Desk --
- 03 May, 2026
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের Atlanta শহরে প্রথমবারের মতো আয়োজিত হলো ব্যতিক্রমধর্মী কবিতা প্রদর্শনী ও বাংলা বইমেলা, যা প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত এই আয়োজনটি প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে ছয়জন কবি—উৎপল দত্ত, সবুর খান স্বপন, অঙ্কন বসু, রাশেদ চৌধুরী, নাহিদ ফারজানা এবং কল্পনা ব্যানার্জীর মোট ১২টি কবিতা প্রদর্শিত হয়। একইসঙ্গে বইমেলায় অংশগ্রহণ করেন স্থানীয় কবি ও লেখকরা, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবিদের নিজস্ব কণ্ঠে কবিতা পাঠ। আবৃত্তি পরিবেশন করেন রিজোয়ান হৃদয়, জয়শ্রী চৌধুরী, জয়ীতা চক্রবর্তী, নিবেদিতা, কাকলি বিশ্বাস এবং ব্যাসদেব সাহা রানা। এছাড়া ছয় কবির নির্বাচিত কবিতাংশ অবলম্বনে নির্মিত নৃত্য পরিবেশন করেন স্থানীয় নৃত্যশিল্পী রিয়া ঘোষ, যা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে সবুর খান স্বপন ও কল্পনা ব্যানার্জীর দুটি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সবুর খান স্বপনের গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিজ্ঞানী ও লেখক দীপেন ভট্টাচার্য্য এবং কল্পনা ব্যানার্জীর গ্রন্থ উন্মোচন করেন কবি ও লেখক মানস দে। পাশাপাশি তরুণ ক্ষেপা ও শ্রাবন্তী বসুর গানের অ্যালবামের মোড়ক উন্মোচনও অনুষ্ঠিত হয়।
আটলান্টা প্রবাসী কবি, লেখক ও সংস্কৃতিকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও সমৃদ্ধ। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মাহবুব মোর্শেদ আনোয়ার, সোমা মুখোপাধ্যায়, হারুন রশিদ, রবীন্দ্রনাথ চক্রবর্তী, আবু লিয়াকত হোসেন, ডাঃ সায়েমা জেরিন এবং নীলাভ্র মুখোপাধ্যায়সহ অনেকে।
কবিতার সঙ্গে চিত্রকলার এক অনন্য সমন্বয় ঘটান স্থানীয় শিল্পী অমিতাভ চৌধুরী এবং বাংলাদেশের তরুণ শিল্পী সৈকত শিকদার। প্রদর্শিত চিত্রকর্ম বিক্রি থেকে প্রাপ্ত ১,৮৬৮ মার্কিন ডলারের একটি অংশ St. Jude Children’s Research Hospital-এ অনুদান হিসেবে প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও বেগবান করবে এবং নতুন প্রজন্মকে এই ধারার সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: উৎপল দত্ত, আটলান্টা।



















